২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌনতায় প্রতিবাদ জাবি শিক্ষকদের

উপাচার্যের পক্ষ নেয়া ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌনমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাবি প্রতিনিধি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

সেই সঙ্গে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগও চেয়েছেন তারা। 

বুধবার উপাচার্য লাঞ্ছিত হওয়ার পর তার পক্ষ নিয়ে ছাত্রলীগের একদল নেতা-কর্মী আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলা চালালে সাধারণ সভা ডেকে মৌন মিছিলের কর্মসূচি দেয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন উপাচার্যকে অপসারণে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের হস্তক্ষেপ কামনা করেন।

আগামী ২০ অক্টোবরের মধ্যে উপাচার্য আনোয়ার হোসেন পদত্যাগ না করলে ২২ অক্টোবর থেকে ক্যাম্পাস অচল দেয়ার হুমকিও দেন তিনি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষকদের ওপর হামলা এই প্রথম। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত সমিতির ব্যানারে আন্দোলন চলতে থাকবে।”

আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে গত বছরের ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে। পরে তিনি নির্বাচনের মধ্য দিয়ে এই পদে স্থায়ী হন।

কিন্তু বছর না ঘুরতেই শিক্ষক সমিতি তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়। এরই এক পর্যায়ে হাই কোর্ট বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে বাধা না দেয়ার নির্দেশ দিলে পিছু হটে শিক্ষক সমিতি।

এরপর ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ব্যানারে নতুন কৌশলে আন্দোলন শুরু হয়, যাতে অধ্যাপক শরীফ এনামুল সমর্থকদের সঙ্গে সক্রিয় হন বিএনপি সমর্থক শিক্ষকরাও।

শিক্ষক ফোরামের আন্দোলনে দেড় মাস আগে আবার অচল হয়ে পড়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক পর্যায়ে উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়লে গত অগাস্টে শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ করেন। তার সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করেছিল শিক্ষকরা।

কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়নি দাবি করে গত ৩০ সেপ্টেম্বর থেকে আবার আন্দোলনে নামে শিক্ষক ফোরাম।

আন্দোলনকারী শিক্ষকরা গত ১ অক্টোবর উপাচার্যের বাড়ির সামনে অবস্থান নিলে অধ্যাপক আনোয়ারও পাল্টা একই কর্মসূচি শুরু করেন।

এর মধ্যেই বুধবার পূর্ব নির্ধারত সিন্ডিকেট সভায় অংশ নিতে সিন্ডিকেট সদস্যদের নিয়ে প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করেন উপাচার্য অধ্যাপক আনোয়ার। তবে আন্দোলনরত শিক্ষকদের বাধায় ঢুকতে পারেননি তিনি।

ওই সময় দুই পক্ষের শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপর ছাত্রলীগের হামলার শিকার হন উপাচার্যবিরোধী শিক্ষকরা।

পুরনো খবর:

জাবি উপাচার্য লাঞ্ছিতের পর শিক্ষকদের ওপর হামলা
জাহাঙ্গীরনগরের শিক্ষকদের সরকারের হুমকি
ব্যবধান মাত্র ১০ গজ