২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্য লাঞ্ছিতের পর শিক্ষকদের ওপর হামলা

অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন লাঞ্ছিত হওয়ার পর তার পক্ষ নিয়ে আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 06:11 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

পুরনো খবর:

জাহাঙ্গীরনগরের শিক্ষকদের সরকারের হুমকি
ব্যবধান মাত্র ১০ গজ

বুধবার বিকালের এই হামলায় অন্তত চারজন শিক্ষক আহত হন বলে দাবি করেছেন আন্দোলনরত ‘সাধারণ শিক্ষক ফোরাম’র সদস্য সচিব কামরুল আহসান।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সন্ধ্যায় সাধারণ সভা করে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার মুখে কালো কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি দিয়েছে।

শিক্ষক সমিতি কর্মসূচি দেয়ায় ২২ অক্টোবর পর্যন্ত নিজেদের কর্মসূচি স্থগিত করেছে শিক্ষক ফোরাম। অন্যদিকে উপাচার্যের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে শিক্ষকদের ওপর হামলায় ক্ষোভ জানিয়ে পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর শিকদার জুলকার নাইন ও এনামুল হক।

উপাচার্য লাঞ্ছিত হওয়ার কথা জানালেও শিক্ষকদের ওপর হামলার বিষয়ে প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমি কিছু দেখিনি।”

উপাচার্যের পদত্যাগ দাবিতে গত দুই সপ্তাহ ধরে শিক্ষকদের আন্দোলনে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টিতে।

আন্দোলনকারী শিক্ষকরা গত ১ অক্টোবর উপাচার্যের বাড়ির সামনে অবস্থান নিলে অধ্যাপক আনোয়ারও পাল্টা একই কর্মসূচি শুরু করেন।

এর মধ্যেই বুধবার পূর্ব নির্ধারত সিন্ডিকেট সভায় অংশ নিতে প্রশাসনিক ভবনে যান অধ্যাপক আনোয়ার। সেখানে কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক, উপনিবন্ধককে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষকরা।

বিকাল ৩টার কিছু সময় পর অধ্যাপক আনোয়ার উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের ও সিন্ডিকেটের কয়েকজন সদস্যকে নিয়ে প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে আন্দোলনরত শিক্ষকদের বাধার মুখে পড়েন।

শিক্ষকরা উপাচার্যসহ অন্যদের পথ রোধ করেন এবং প্রশাসনিক ভবনের কলাপসিবল গেইট আটকে দেন। খবর পেয়ে প্রক্টর ও সহকারী প্রক্টররা সেখানে যান।

প্রক্টরকে উদ্ধৃত করে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্দোলনরত শিক্ষকরা আমার সঙ্গে অশোভন আচরণ করেন। এক পর্যায়ে পেছন থেকে হঠাৎ আমাকে মারতে উদ্যত হন।

“আন্দোলনকারী শিক্ষকরা এ সময় উপাচার্যকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন।”

বিকাল ৪টা পর্যন্ত অপেক্ষা করেও আন্দোলনকারী শিক্ষকদের বাধার মুখে প্রশাসনিক ভবনে ঢুকতে না পেরে উপউপাচার্য আফসার আহমেদের বাড়িতে সভায় বসেন উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যরা।

এদিকে আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করেন, উপাচার্য ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনে ঢুকতে চেয়েছেন এবং বাধা দেয়ায় ছাত্রলীগ নেতারা শিক্ষকদের ওপর হামলা চালান।

উপাচার্যবিরোধী সিন্ডিকেট সদস্য তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টায় সিন্ডিকেট বৈঠক ছিল, উপাচার্য ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে প্রবেশের চেষ্টা করেন, এসময় শিক্ষকরা লাঞ্ছিত হন।”

ফার্মেসি বিভাগের শিক্ষক ফখরুল ইসলাম বলেন, “উপাচার্য আমাদের দুজন শিক্ষককে ধাক্কা মেরে ভেতরে ঢোকার চেষ্টা করেন। আমি হাতের পেশীতে খুব ব্যথা অনুভব করছি।”

ওই হামলার প্রতিবাদে প্রশাসনিক ভবন থেকে আন্দোলনকারী শিক্ষকরা মৌন মিছিল নিয়ে উপাচার্যের বাড়ির সামনে গেলে সেখানে জড়ো হওয়া ছাত্রলীগ নেতাদের হামলার মুখে পড়েন।

সেখানে অবস্থানরত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমানকে উপাচার্যের বাড়ির সামনে সংগঠনের কর্মীদের হল থেকে এসে জড়ো হওয়ার জন্য নির্দেশ দিতে দেখা যায়।

এরপর মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগকর্মীরা এসে অন্তত ২০টি চেয়ার ভাংচুর করে, যেখানে বসে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন শিক্ষকরা। ছাত্রলীগকর্মীরা শিক্ষকদের গালাগালি করে বলে দাবি করেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক কবিরুল বাশার।

ছাত্রলীগকর্মীরা আন্দোলনকারী শিক্ষকদের ব্যানারও পুড়িয়ে দেয়।    

এসবের প্রতিক্রিয়ায় ফোরামের সদস্য সচিব কামরুল আহসান সাংবাদিকদের বলেন, “উপাচার্য ও ছাত্রলীগের সম্মিলিত হামলায় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আজ ভুলণ্ঠিত হল।”

উপাচার্যের অপসারণ চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

শিক্ষক ফোরামের অভিযোগ, ছাত্রলীগের সভাপতির সঙ্গে বৈঠক করে শিক্ষকদের ওপর হামলা চালাতে প্ররোচিত করেছেন প্রক্টর।

প্রক্টর মুজিবুর রহমানের অপসারণও দাবি করেছে আন্দোলনকারী শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বিকালে সাংবাদিকদের বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় শিক্ষক সমিতির সাধারণ সভা ডাকা হয়েছে।”

সন্ধ্যায় ওই সভায় বৃহস্পতিবারের কর্মসূচি দেয়ার পর শিক্ষক ফোরামের সদস্য সচিব কামরুল আহসান সাংবাদিকদের বলেন, “যেহেতু শিক্ষক সমিতি কর্মসূচি দিয়েছে এবং শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী আমাদের আশ্বাস দিয়েছেন, তাই আমাদের আন্দোলন ২২ অক্টোবর পর্যন্ত স্থগিত করছি।”

অন্যদিকে রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে উপউপাচার্য অধ্যাপক মতিনকে। সদস্য থাকছেন সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ ফয়েজ হোসেন, অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক কে এম মহিউদ্দিন আহমেদ।

তবে সিন্ডিকেটের এই সভার বৈধতা চ্যালেঞ্জ করেছেন সাধারণ শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী। তিনি নিজেও সিন্ডিকেটের সদস্য।

অধ্যাপক হানিফ সাংবাদিকদের বলেন, “এই সভার কথা সব সিন্ডিকেট সদস্যকে জানানো হয়নি। সুতরাং এই সভার কোনো বৈধতা নেই। সভার সিদ্ধান্তেরও কোনো বৈধতা নেই।”

বিশ্ববিদ্যালয়ের সংঘাতের এই পরিস্থিতিতে সাভার থানা থেকে এক দল পুলিশ ক্যাম্পাসে এসেছে। ওসি বদরুল আলমও যান ক্যাম্পাসে।

Image
অচলাবস্থা কাটাতে শনিবার মিন্টো রোডে নিজ বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অচলাবস্থা কাটাতে শনিবার মিন্টো রোডে নিজ বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিক্ষকদের আন্দোলনে প্রায় দেড় মাস আগেও একই রকম অচল হয়ে পড়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত অগাস্টে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করেছিল শিক্ষকরা।

কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়নি দাবি করে গত ৩০ সেপ্টেম্বর থেকে আবার আন্দোলনে নামে শিক্ষক ফোরাম।

তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা দেয়ার আগেই শিক্ষকদের একাংশ মন্ত্রণালয়ের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই পুনরায় আন্দোলন শুরু করেছেন।

ক্লাসে না ফিরলে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে গত বছর ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে। পরে তিনি নির্বাচনের মধ্য দিয়ে উপাচার্য পদে স্থায়ী হন।

কিন্তু বছর না ঘুরতেই শিক্ষক সমিতি তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়। এরই এক পর্যায়ে হাই কোর্ট বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে বাধা না দেয়ার নির্দেশ দিলে পিছু হটে শিক্ষক সমিতি।

এরপর ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ব্যানারে নতুন কৌশলে আন্দোলন শুরু হয়, যাতে অধ্যাপক শরীফ এনামুল সমর্থকদের সঙ্গে সক্রিয় বিএনপি সমর্থক শিক্ষকরাও।

শিক্ষকদের আন্দোলনের কারণে অচল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের। অচলাবস্থা নিরসনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন ছাত্র সংগঠন।