২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিবির সভাপতিসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সেতু বৃহস্পতিবার দুপুরে মতিহার থানায় এ মামলা দায়ের করেন।

মতিহার থানার ওসি আবদুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় শিবির সভাপতি আশরাফুল আলম ইমনসহ ৩৪ শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে উপ পরিদর্শক (এসআই) সোহেল রানাকে।

এদিকে হামলায় জড়িত সন্দেহে বুধবার আটক চার শিবিরকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

Image
হামলার পর রাজশাহী মেডিকেলে সাদ্দাম

হামলার পর রাজশাহী মেডিকেলে সাদ্দাম

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাছে ধরমপুর এলাকার মিজানের মোড়ে অতর্কিতে হামলার শিকার হন সাদ্দাম ও তুফান।

ওসি আব্দুস সোবহান জানান, সাদ্দাম, তুফান ও আরেক ছাত্রলীগ কর্মী কাওসার আহমেদ কৌশিক মোটর সাইকেলে করে ধরমপুর থেকে ক্যাম্পাসে ফেরার পথে মিজানের মোড়ে হামলার মুখে পড়েন।

৬-৭ জন শিবির কর্মী গুলি ছুড়তে ছুড়তে তাদের পথ আটকায়।তারপর সাদ্দামকে তারা এলোপাতাড়ি কোপায় এবং তার বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেয়।

তুফান এ সময় গুলিবিদ্ধ হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফুসফুসে আঘাত পাওয়ায় সাদ্দামকে ইতোমধ্যে রাজশাহী থেকে ঢাকার জাতীয় বক্ষব্যাধী ইন্সস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

পুরনো খবর:

শিবিরের হামলায় আহত সাদ্দামকে ঢাকায় স্থানান্তর