শিবিরের হামলায় আহত সাদ্দামকে ঢাকায় স্থানান্তর
শিবিরের হামলায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
বুধবার রাত ১১টায় তাকে মহাখালী জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট হাসাপতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ওয়ালিদ আহমেদ কমল।
তিনি বলেন, রাতে অ্যাম্বুলেন্সে করে সাদ্দামকে ঢাকায় আনা হয়। তিনি বক্ষব্যাধী ইনস্টিটিউট হাসাপতালের রেসপিরেটারি আইসিইউ-তে ভর্তি আছেন। সাদ্দামের সঙ্গে তার বাবাও ঢাকা এসেছেন।
ফুসফুসে আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারা সাদ্দামকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
রাজশাহী মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান আজিজুল হক জানিয়েছিলেন, সাদ্দামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে।তার মাথায়, বুকে, পিঠে, বাম হাত ও দুই পায়ে আঘাতে বড় ক্ষত রয়েছে।বাম হাত ও দুই পায়ের রগ এবং ফুসফুসও কেটে গেছে
ওই হামলায় আহত ছাত্রলীগকর্মী গোলাম রব্বানী তুফানের হাঁটুর ওপরেও গুলি লেগেছে।তবে তিনি আশঙ্কামুক্ত।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে ধরমপুর এলাকার মিজানের মোড়ে অতর্কিতে হামলার শিকার হন সাদ্দাম ও তুফান।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান জানান, সাদ্দাম, তুফান ও আরেক ছাত্রলীগ কর্মী কাওসার আহমেদ কৌশিক মোটর সাইকেলে করে ধরমপুর থেকে ক্যাম্পাসে ফেরার পথে মিজানের মোড়ে হামলার মুখে পড়েন।
৬-৭ জন শিবির কর্মী গুলি ছুড়তে ছুড়তে তাদের পথ আটকায়।তারপর সাদ্দামকে তারা এলোপাতাড়ি কোপায় এবং তার বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেয়।
এ সময় গুলিবিদ্ধ হন তুফান।এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এর আগে গত ২৩ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনের রগ কেটে দেয় শিবির কর্মীরা।এরপর ১৯ সেপ্টেম্বর এক ছাত্রলীগ কর্মী এবং গত বছর ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিমের রগ কেটে দেয় জামায়াতের এই সহযোগী সংগঠনের কর্মীরা।
