২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের ফুসফুসও কেটে গেছে, ঢাকায় পাঠানোর পরামর্শ

শিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম ফুসফুসে আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 07:04 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

রাজশাহী মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান আজিজুল হক বলেন, “সাদ্দামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে। তার মাথায়, বুকে, পিঠে, বাম হাত ও দুই পায়ে আঘাতে বড় ক্ষত রয়েছে। বাম হাত ও দুই পায়ের রগ এবং ফুসফুসও কেটে গেছে।”

উন্নত চিকিৎসার জন্য সাদ্দামকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ওই হামলায় আহত ছাত্রলীগকর্মী গোলাম রব্বানী তুফানের হাঁটুর ওপরে গুলি লেগেছে। তবে তিনি আশঙ্কা মুক্ত বলে আজিজুল হক জানান।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে ধরমপুর এলাকার মিজানের মোড়ে অতর্কিতে হামলার শিকার হন সাদ্দাম ও তুফান।

মতিহার থানার ওসি আব্দুস সোবহান জানান, সাদ্দাম, তুফান ও আরেক ছাত্রলীগ কর্মী কাওসার আহমেদ কৌশিক মোটর সাইকেলে করে ধরমপুর থেকে ক্যাম্পাসে ফেরার পথে মিজানের মোড়ে হামলার শিকার হন।

৬-৭ জন শিবির কর্মী গুলি ছুড়তে ছুড়তে তাদের পথ আটকায়। তারপর সাদ্দামকে এলোপাতাড়ি কোপায় এবং তার বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। এ সময় গুলিবিদ্ধ হন তুফান।

এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর বিকার ৪টার দিকে সাদ্দামকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হয়।

মহানগর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, “সাদ্দামকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। রাতেই তাকে অ্যাবুলেন্সে ঢাকায় পাঠানো হবে।”

তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওসি আব্দুস সোবহান বলেন, ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় অভিযান চলছে।

এই হামলার জন্য ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের দায়ী করে ছাত্রলীগকর্মীরা দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে।

পরে প্রক্টর ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের নেতাদের উপর হামলা চালিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল ইসলাম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রগ কাটার ঘটনা নজিরবিহীন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।”

তবে হামলার বিষয়টি অস্বীকার করে ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তথ্য সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবির জড়িত নয়।

“দলীয় কোন্দল থেকে ওই ঘটনা ঘটিয়ে এখন আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে ছাত্রলীগ।”

এর আগে গত ২৩ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনের রগ কেটে দেয় ছাত্র শিবির। এরপর  ১৯ সেপ্টেম্বর এক ছাত্রলীগ কর্মী এবং গত বছর ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আখেরুজ্জামান তাকিমের রগ কেটে দেয় জামায়াতের এই সহযোগী সংগঠনের কর্মীরা।