২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্ররোচনায় কারখানা ধ্বংস করবেন না’

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক অসন্তোষের প্রেক্ষাপটে মালিক ও শ্রমিকদের মধ্যে ‘সমঝোতাপূর্ণ সম্পর্ক’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

কারো প্ররোচনায় কারখানা ধ্বংস না করে এ শিল্পের শ্রমিকদের সহনশীল হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি কারখানা মালিকদের ‘বিলাসিতা’ কমানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ২৪তম বাটেক্সপোর উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, “গার্মেন্টস সেক্টর নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। সেজন্য মালিক-শ্রমিকদের মধ্যে একটি সমঝোতামূলক সম্পর্ক থাকতে হবে। এতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকা এবং ঐক্য থাকা একান্ত জরুরি।”

তৈরি পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কারখানা, মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক- এটা মনে রাখতে হবে।

“শ্রমিক ভাই-বোনদের প্রতি আমার একটাই আহ্বান- যে কারখানায় কাজ করেন, অর্থ উপার্জন করে আহার জোগাড় করেন, বাসস্থানের ব্যবস্থা করেন, আহার ও জীবিকা নির্বাহ করেন। কারো উপর যাতে আঘাত না আসে বা নিজেরা যাতে ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হন।

“এই কারখানা থাকলে কাজ থাকবে। কাজ থাকলে আপনারা ভালোভাবে থাকতে পারবেন। তাহলে আমাদের দেশের রপ্তানিও বৃদ্ধি পাবে। কিন্তু কারো প্ররোচনায় যদি প্ররোচিত হয়ে নিজের কারখানায় ধ্বংসাত্মক কাজ করা হয়, তাহলে এর থেকে দুঃখজনক কিছু নেই। তখন কারখানাও থাকবে না, নিজেরাও কাজ হারাবেন।”

হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এ অনুষ্ঠানে গার্মেন্ট মালিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “কারখানা সুরক্ষিত করা যেমন শ্রমিকদের দায়িত্ব। তেমনি মালিকদের অনুরোধ করব শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখার জন্য। তারা কী খায়, তাদের ছেলেমেয়েদের ভবিষ্যত কী- তাও দেখতে হবে।

“আপনারা বিলাসিতা কম করলে; স্যুট টাই দু’একটা কম পড়লে কিন্তু ক্ষতি নাই। তাতে শ্রমিকরা পেট ভরে খেতে পারলে দ্বিগুণ উৎসাহে আপনাদের কাজ করে দেবে।”

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই সাভারের রানা প্লাজাসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত শ্রমিক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহত ও অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেন।

২০০৯ সালে সরকার গঠনের পর থেকে তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি অুনষ্ঠানে তুলে ধরেন।

ব্যবসায়ী, বিনিয়োগকারী ও রপ্তানিকারকদের মধ্যে আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে এবং মন্দা মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করা, বাজেটে কর অবকাশসহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের এসব উদ্যোগ এবং গার্মেন্টসসহ রপ্তানিকারকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত সফলভাবে বিশ্বমন্দা মোকাবেলা করেছি। রপ্তানি আয় ২০০৮ সালের ১৫ বিলিয়ন ডলার থেকে ২০১২-১৩ অর্থবছরে ২৭ দশমিক ০৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।”

শিল্পের প্রসারে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন বৃদ্ধি, ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন সহজ করা এবং সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সাধারণত পাঁচ বছর পর নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও শ্রমিকদের আরো বেশি সুবিধা নিশ্চিত করতে এবারই তিন বছরের মধ্যে নতুন বোর্ড গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “দেখি তারা কি করে। তারপর আমি আমারটা বলবো।”

বিশেষ অতিথির বক্তব্যে রানা প্লাজা আর তাজরীন গার্মেন্টসে মানবিক বিপর্যয়ের কথা স্মরণ করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “২০১৩ সাল এই গার্মেন্টস শিল্পের জন্য সুখকর না। এই পরিবেশ-পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। একটা রানা প্লাজা অ্যাবজর্ভ করেছেন। আরেকটা রানা প্লাজা আপনারা মনে হয় না অ্যাবজর্ভ করতে পারবেন? আপনাদের আরো সজাগ থাকতে হবে।

“সাড়ে চার কোটি মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। এই জন্য আরো সতর্ক আচরণ করতে হবে। আপনাদের সর্তক থাকতে বলছি। আপনাদের দেশে শত্রু, দেশের বাইরে শত্রু। অনেক ভেস্টেড গ্রুপ আছে, যারা শ্রমিক সংগঠন আর এনজিও’র নামে এই শিল্প ধ্বংস করতে চাচ্ছে। সব পত্রিকা, সব শ্রমিক সংগঠন আর সব এনজিও আপনাদের বন্ধু না। তারা এই শিল্প যেন বিদেশে চলে যায়- সেজন্য, কাজ করছে,” যোগ করেন আশরাফ।

তিনি বলেন, “এই শিল্প না থাকলে মানবিক বিপর্যয় ঘটবে। সরকার, বিরোধী দল, মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সব দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। আরেকটি রানা প্লাজার ঘটনা ঘটলে আপনারা সইতে পারবেন কিনা- আমি সন্দিহান।”

পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “রানা প্লাজা ও তাজরীনের কোনো দুর্ঘটনা হয়নি। এটা মানবিক লোভের বিপর্যয়।

“অনেক মান্যবর রাষ্ট্রদূত আছে, যারা আমাদের দেশের শ্রমিকদের জন্য ‘জারো জারো’। ইউরোপীয় দেশের ওপর আপনাদের অনেক প্রভাব আছে। তাদের বলেন, আমাদের শ্রমের যথাযথ মূল্য দিতে। আমাদের নিজস্ব ব্যাপারে আপনাদের সুচারু নাক প্রবেশ না করানোই ভালো”, যোগ করেন লতিফ সিদ্দিকী।

এশিল্পের বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, “পোষাক শিল্পের প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে। ডলারের দাম কমে গেছে। আমাদের অনেক অর্ডার ভারতে চলে গেছে।”

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আতিকুল ইসলাম বলেন, “আমরা সারাদেশের গ্যাসের চার শতাংশ ব্যবহার করি। আমরা ওই গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় তৈরি পোষাক শিল্পের জন্য স্থাপিত পার্কে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার মতো সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।

পোষাক শিল্পের জন্য সরকার প্রধানের অধীনে স্বতন্ত্র মন্ত্রণালয়ের গুরুত্বের কথাও বলেন আতিকুল ইসলাম।

তিনি আরো বলেন, “শিল্প এলাকায় বাড়ির মালিকরা মহানন্দে পোষাক শ্রমিকদের বেতন বৃদ্ধির অপেক্ষ করছেন। বেতন বাড়লে তারাও বাড়ি ভাড়া বাড়াবে। এজন্য ভিয়েতনামের মতো বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।”

বক্তব্যের একেবারে শেষ দিকে বিজিএমইএয়ের সভাপতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাত জোর করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী পূর্বের মতো এফপি দশমিক ২৫ করে দিন। আমরা আরো ব্যবসা এনে দেবো। ঋণের সুদহার কমিয়ে দিন। বাউশিয়ায় দ্রুত গার্মেন্টস শিল্পের জন্য শুল্কমুক্ত নির্মাণ সামগ্রী আনার ব্যবস্থা করে দিন। আমরা ইপিজেডের মতো শুল্কমুক্ত গাড়ি আনবো না। আর গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন ব্যবস্থা করে দিন।”

বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২১ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হওয়ার কথা উল্লেখ করে বলেন, “এই তিন মাসে আমাদের গ্রোথ ২১ পারসেন্ট বেশি। আতিকুল ইসলাম সাহেব বলেছেন, ‘আমরা হেরে যাচ্ছি’। আমার হেরে যাচ্ছি না। আমরা জিতে যাচ্ছি।”

নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেন, “মালিকরা বলছেন ওনারা অসহায়। শ্রমিকরা বলছে, তারা অসহায়। যাবেন কোথায়? এজন্য, মালিক ও শ্রমিকদের সমন্বিত উদ্যোগ দরকার। একপক্ষীয়ভাবে কারো কিছু করার নেই। ত্রিপক্ষীয়ভাবে এই কাজ করতে হবে।

“আপনারা বিজিএমইয়ে-বিকেএমইএ গড়ে তুলেছেন। শ্রমিকদের কি কোনো প্লাটফর্ম আছে? মালিকরা যেমন এক কাতার হয়েছে। শ্রমিকদের এক কাতারে আনুন”, বলেন শাজাহান খান।

স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি আব্দুল ওয়াহাব বলেন, “এক শ্রেণীর মাফিয়া চক্র এই শিল্পকে গ্রাস করতে চাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীরা কেউ আমাদের দেখতে পায় না। আমরা নাকি রক্তচোষা। আমরা মুখ বিক্রি করে চলি না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে এই শিল্পকে গড়ে তুলেছি। আসুন, দরকার হলে আপনারা এই শিল্প চালান। দরকার হলে আমরা আপনাদের সাহায্য করবো।”

অন্যদের মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান ও বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচি অনুষ্ঠানে বক্তব্য দেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাসহ কূটনৈতিক, তৈরি পোশাক ও বস্ত্র শিল্প মালিক এবং বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

মজুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেবে বিজিএমইএ
ষষ্ঠ দিনের মতো শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ