২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেবে বিজিএমইএ

পোশাক শিল্পের শ্রমিকেদের মজুরি বোর্ডের বেতন কাঠামো মেনে নেয়ার ঘোষণা দিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 10:26 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

শনিবার শ্রমিক নেতাদের সঙ্গে আড়াই ঘণ্টার এক বৈঠক শেষে এ ঘোষণা দিয়ে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।

সাংবাদিকদের তিনি বলেন, “আমরা কথা দিয়েছি, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে বিজিএমইএ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে।”

সংবাদ সম্মেলনে মালিক পক্ষের নেতারা বক্তব্য রাখলেও শ্রমিক নেতাদের কেউ কথা বলেননি।

শ্রমিক নেত্রী নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে অনেক বিষয়ে শ্রমিক নেতারা নিজেরা একমত হতে পারেননি। তাদের নিজেদের মধ্যে বাক-বিতণ্ডাও হয়েছে। তবে তারা এ শিল্পে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে একমত হয়েছেন।

“আমার বিশ্বাস আজকের বৈঠকের পর আর শ্রম অসন্তোষ থাকবে না। তবে বোর্ড যখন মজুরি ঘোষণা করবে-তা শ্রমিকদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে আবার অসন্তোষ দেখা দিতে পারে।”

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম বলেন, “দীর্ঘ সময় বৈঠক করে আমরা দুপক্ষ মজুরি বাড়নোর বিষয়ে সরকার গঠিত বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। মজুরি বোর্ডের ঘোষণার দিন থেকেই তা কার্যকর করা হবে।

“শ্রমিক অসন্তোষ ছড়ানোর পেছনে দায়ী শ্রমিকদের গ্রেপ্তারের বিষয়ে আপত্তি না জানানো এবং বহিরাগতদের প্রতিহত করার নিশ্চয়তা দিয়েছেন শ্রমিক নেতারা।”

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহ সভাপতি এস এম মান্নান কচি, শহিদুল্লাহ আজিম, রিয়াজ বিন মাহমুদ সুমনসহ সাবেক ও বর্তমান কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতাদের মধ্যে ছিলেন মুজরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি, নাজমা আক্তার, সেলিম রেজা, বাহরানে সুলতান বাহার, লিমা ফেরদৌস প্রমুখ।

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে গত মে মাসে সজুরি বোর্ড গঠন করে সরকার।

১৮ অগাস্ট শ্রমিক সংঠনগুলোর পক্ষ থেকে মজুরি বোর্ডের কাছে এ খাতের শ্রমিকদের নূন্যতম বেতন বর্তমানের তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার ১১৪ টাকা করার প্রস্তাব করা হয়।

মালিকদের পক্ষ থেকে ছয়শ টাকা বাড়িয়ে তিন হাজার ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়।

মালিকদের এ বক্তব্যের পর থেকে রাজধানী ঢাকা, গাজিপুর, আশুলিয়া, নারায়গঞ্জসহ বিভিন্ন স্থানে কারখানা ভাংচুর, বিক্ষোভসহ নানা ধরনের অস্থিরতা চলছে।