‘শিশুদের স্বকীয়তা বাড়তে দিন’
শাসনের নামে শিশুদের অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠান উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, মারধর, বকাঝকা শিশুদের মেধা বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে সরকার প্রধান বলেন, “সকলের প্রতি অনুরোধ থাকবে; তাদের (শিশু) একটু বুঝিয়ে বললে তারা শোনে। তারা সকলে একই রেজাল্ট করবে তা তো নয়। তারা সকলে এক হবে তাও নয়।
“তাদেরও স্বকীয়তা আছে। শিশুদেরও ব্যক্তিত্ব আছে। তাদেরকে তাদের মতো করে পড়তে দিতে হবে।”
ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে শিশুদের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি শিশুদের জন্য কি করণীয়- তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “বেয়াড়াপনা করলে তো শাসন করতেই হবে। তবে অনবড়ত শাসন করা ঠিক না।”
মিলনায়তনে উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ছোটবেলায় শিখেছি, ‘কানাকে কানা বলিও না, খোঁড়াদের খোঁড়া বলিও না’। তোমাদের মধ্যেও যারা একটু প্রতিবন্ধী রয়েছে, তাদের প্রতি তোমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়া উচিত।”
আগামী দিনের নেতৃত্ব দেয়ার জন্য শিশুদের প্রস্তুত হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমি তো নানী-দাদী হয়ে গেছি। আগামী দিনে মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারো- সেভাবে নিজেদের গড়ে তুলবে।”
শেখ হাসিনা গৃহকর্মী শিশু-কিশোরীদের প্রতিও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “তারা তো আসে একটু খাদ্যের জন্য। তারা আর কতোই খাবে? আর প্রত্যেকে তো আপনাদের সন্তানের মতো।”
গৃহকর্মী নিপীড়নের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি আমার পরিচিতজনের মধ্যেও ছোটবেলা থেকে এ বিষয়টি দেখেছি। তখনই আমি বললাম, এমন সুযোগ করে দেব; কাজের লোকই পাবে না।”
শেখ হাসিনা জানান, তার কাছেও একজন থাকে যে মাস্টার্স পাস করে বিবিএসের প্রস্ততি নিচ্ছে। আরেকজন লালমাটিয়া কলেজ থেকে ডিগ্রি পাস করেছে।
তৃতীয়জনের কথা বলতে গিয়ে একটু হেসে প্রধানমন্ত্রী বলেন, “আর একজন উন্মুক্ত স্কুলে পড়ে। তার একটু অসুবিধা আছে। সে একটু ফাঁকিবাজ। যে মাস্টার্স করেছে- তাকে ওর পড়ালেখার দায়িত্ব দেয়া হয়েছে।
“আমরা কথা হলো, তারা কাজ করতে আসে। আমি তো সারাজীবন থাকব না। তাদের তো ভবিষ্যত করে দিতে হবে”, বলেন শেখ হাসিনা।
এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘নিশ্চিত হোক শিশুর অধিকার, কাটুক সকল অন্ধকার’।
অনুষ্ঠানে জানানো হয়, মতিঝিলের টিএন্ডটি কলোনির বস্তিবাসী শিশু জীবন হোসেন ফয়সাল আগে টেম্পোর হেলপারের কাজ করত। আর তার মা কাজ করতেন বিভিন্ন বাসায়।ইউনিসেফ এবং মহিলা ও শিশু মন্ত্রনালয়ের পরিচালনায় ইইসিআর প্রকল্পের আওতায় জীবন ও তার প্রতিবন্ধী বোনকে ৭৮ হাজার টাকা আর্থিক সুবিধা দেয়া হয়েছে। এই টাকায় তারা একটি রিকশার গ্যারেজ দিয়েছে। এখন জীবনের মা আর কারো বাসায় কাজ করেন না, জীবন এখন স্কুলে যায়।
সুবিধা বঞ্চিত শিশুদের পক্ষ থেকে জীবন অনুষ্ঠানে বলে, “আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের মতো শিশুদের পড়াশোনার সুযোগ করে দেয়ার জন্য। আমি টেম্পুর হেলপার ছিলাম। আমি ভাবতাম এক সময় বাসের হেলপার হব। তারপর, বাসের ড্রাইভার হব। এখন আমি মনে করি আমাদের মধ্যে থেকেও কেউ মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারে। আমাদেরও তো মন্ত্রী হতে ইচ্ছা করে।”
শরীয়তপুরের শিশু নূর-এ-তাবাসসুম মিম জানায়, সে থাকে আজিমপুর শিশু বিকাশ কেন্দ্রে, পড়ে ষষ্ঠ শ্রেণীতে।
কর্মজীবী মায়ের সন্তান মিম আজিমপুর শিশু বিকাশ কেন্দ্রের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরে প্রতিটি জেলায় এ ধরনের প্রতিষ্ঠান করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।
দিনটি বিশ্ব শিশু দিবস হওয়ায় এ অনুষ্ঠান পরিচালনা করে দুই শিশু অভি এবং তাথৈই।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমি প্রথমেই অভিনন্দন জানাই এই সভা পরিচালনাকারী দুই ছোট্ট শিশুকে। তারা অত্যন্ত সুন্দরভাবে সভা পরিচালনা করছে।”
জীবন ও মিমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “শিশুরাই হচ্ছে আগামী দিনের সম্পদ। আমরা যদি তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে পারি- তাহলে সুন্দর ভবিষ্যত প্রজন্ম পাব।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিঠক থেকে পাঠ করে চার শিশু।
বাংলাদেশে ইউনিসেফের আবাসিক প্রতিনিধি প্যাসকাল ভিলনোভ শিশু শিক্ষায় বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, এখন ছেলেদের থেকে বেশি সংখ্যায় মেয়েরা স্কুলে যাচ্ছে।
কোনো শিশু যেন পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম।
প্রধানমন্ত্রী পরে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
