আইপিইউ সম্মেলনে শিশু উন্নয়ন কার্যক্রমের প্রশাংসা
বিশ্বের শতাধিক দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে বাংলাদেশ সরকারের শিশু উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
সোমবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।
এবারের সম্মেলনে বিশ্বের ১৬০টি সদস্য দেশে থেকে মোট এক হাজার ২০০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১২৯টি দেশের প্রায় ৬০০ জন সংসদ সদস্য রয়েছেন।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ আব্দুস শহীদ।
এছাড়া সংসদ সদস্য এমকে আনোয়ার, বেবী মওদুদ, সাবের হোসেন চৌধুরী, ফজলে করিম, আব্দুল বাকের ও নুরুজ্জামান সরকার প্রতিনিধি দলে রয়েছেন।
সম্মেলনের উদ্বোধনী দিনে হুইপ আব্দুস শহীদ তার বক্তব্যে শিশুদের উন্নয়নে বাংলোদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ সময় অন্যান্য দেশের প্রতিনিধিরা শিশুদের কল্যাণে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন।
ভারতের লোকসভার স্পিকার মীরা নায়ার এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা পৌঁছে দিতে প্রতিনিধি দলকে অনুরোধ করেন।
বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের মধ্যে আলোচনা, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৮৮৯ সালে যাত্রা শুরু করে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন। আন্তর্জাতিক এই সংস্থার এবার ১২৯তম সম্মেলন চলছে।
