২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই মামলায় ৩ পুলিশ কারাগারে

৩০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ঢাকার ক্যান্টনমেন্ট থানার তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 06:16 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রাজধানীর তাঁতীবাজার এলাকায় ৩০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার এই তিন পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম, কনস্টেবল আলমগীর হোসেন ও আবুল খায়ের।

রোববার এই তিন সহকর্মীকে ঢাকার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম।

ওই আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম সাবরিনা আলী। তবে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা চাইলে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

আসামিদের পক্ষে আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু জামিনের আবেদন করলে তা-ও নাকচ করেন বিচারক।

টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাটি করেন তাঁতীবাজারের গহনার দোকানের এক কর্মচারী। তার আগে এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করে পুলিশে দেয় ব্যবসায়ীরা।

তবে আসামিদের আইনজীবী নজিবুল্লাহ হীরু বলেন, উদ্ধার করা ওই ৩০ লাখ টাকা হুন্ডির টাকা। সেই টাকা উদ্ধারে গিয়েছিলেন এই তিন পুলিশ কর্মকর্তা।