চট্টগ্রামে কভার্ডভ্যান চাপায় যুবক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে কভার্ডভ্যান চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার মাদামবিবির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কামাল (৩৪) উপজেলার শীতলপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদামবিবির হাট এলাকায় সিএনজি অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিল কামাল। এ সময় আবুল খায়ের গ্রুপের একটি কভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা রাস্তা অবরোধের চেষ্টা করলে কভার্ডভ্যানটি আটকের আশ্বাস দিলে তারা সরে যায়।
পরিদর্শক জাকির বলেন, “দুর্ঘটনার পর চালক ভ্যানটি ফ্যাক্টরিতে নিয়ে গেছে। ফ্যাক্টরির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কভার্ড ভ্যানটি আটক করার চেষ্টা চলছে।”
