কুমিল্লায় বাসচাপায় নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হন অটোরিকশার চালকসহ দুজন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কোরপাই সাদাত জুট মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুজন হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের বসির উদ্দিনের ছেলে তৈবুল হক (৩৫) এবং কুমিল্লার বুড়িচংয়ের ঝলম গ্রামের আবুল বাসার (৫০)।
মৃত আরেকজন এবং আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট ফজলুল হক জানান, চান্দিনা বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নিমসার যাওয়ার পথে কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
