চাঁদপুরে ভুয়া গোয়েন্দা পুলিশ আটক
চাঁদপুর শহরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপরে শহরের পুরনো লঞ্চঘাট এলাকা থেকে স্বপন রায়কে (৩৫) আটক করা হয়।
স্বপন হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের অনিল রায়ের ছেলে।
পুলিশ জানায়, স্বপন বেলা ১১টায় মাছঘাট এলাকায় ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে ওই মাছ ঘাটের ক্ষুদ্র ব্যবসায়ী ইছাক ও রহমতের কাছে জাল টাকা আছে বলে হুমকি দেয়। এক পর্যায়ে ব্যবসায়ীদের সন্দেহ হলে স্বপনকে আটক করে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, আটক স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
