কমলাপুর স্টেশনে খুন করে টিকিট বিক্রির টাকা লুট
কমলাপুর স্টেশনে রেলের এক কর্মীকে খুন করে টিকিট বিক্রির ১৭ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
ঈদ-পূজার ব্যস্ততার মধ্যে দেশে রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু রাজধানীর প্রধান স্টেশনে শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মো. ইস্রাফিল (৫৫) রেলের চুক্তিভিত্তিক বুকিং সহকারী ছিলেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে শনিবার সকালে রেল স্টেশনে যান রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় তিনি তদন্ত কমিটি গঠন এবং দায়িত্বে অবহেলার জন্য ১০ জনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
ঈদ ও পূজা ঘিরে এবার রেল টিকিটের চাহিদা অন্যবারের চেয়ে বেশি। কমলাপুরে আগাম টিকিট বিক্রি হচ্ছে কয়েকদিন ধরে। টিকিট কেনার জন্য হাজার হাজার লোক রাতভর লাইন ধরে থাকেন আর এর মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটল।
কমলাপুর রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ভোর ৬টার দিকে ঘটনাস্থলৈ গিয়ে কলাপসিবল গেট বন্ধ পায়। পরে তালা ভেঙে টিকিট কাউন্টারে ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। গলায় গামছা প্যাচানো ইস্রাফিলের মৃতদেহ মেঝেতে উপুড় হয়ে পড়েছিল। হাত-পাও বাঁধা ছিল।
এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।
রেলের এক কর্মচারীর কাছ থেকে কালোবাজারির টিকিট উদ্ধার এবং তাকে বরখাস্ত করার পাশপাশি কমলাপুরে টিকিট নিয়ে যাত্রীদের বিক্ষোভের ঘটনা- এই হত্যার সঙ্গে এসবের কোন যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
স্টেশন ম্যানেজার খায়রুল বশার জানান, বিভিন্ন কাউন্টারের টিকিট বিক্রির টাকা ইস্রাফিলের কাছে জমা থাকতো। রাতে তিনি সেখানেই থাকতেন। ভোরে টাকাসহ দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি চলে যেতেন।
শুক্রবারের টিকিট বিক্রির ১৭ লাখ টাকা ইস্রাফিলের কাছে ছিল বলেও জানান তিনি।
ওসি জানান, যেখানে ইস্রাফিলের মৃতদেহ পাওয়া গেছে সেখানে যেতে অন্তত চারটি কলাপসিবল গেট পার হতে হয়। বাইরের কোন লোক সেখানে যাওয়া সম্ভব নয়। তাছাড়া ওই এলাকায় রেল পুলিশের প্রবেশাধিকারও নাই।
অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়ে বাইরে থেকে তালা মেরে দুবৃর্ত্তরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান আব্দুল মজিদ।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মকর্তা জানান, জাহাঙ্গীর নামে এক রেল কর্মচারীর কাছে হাওড়ের বেশ কিছু টিকিট পাওয়া যায়। কালোবাজারিতে বিক্রির জন্য রাখা এসব টিকিটসহ হাতেনাতে ধরার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
ইস্রাফিলের তথ্যের ভিত্তিতেই জাহাঙ্গীরের কাছ থেকে টিকিট উদ্ধার করা হয়েছিল বলে জানান ওই কর্মকর্তা। তার ধারণা, ইস্রাফিলের হত্যার পেছনে এটাও একটা কারণ হতে পারে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ওসি বলেন, “জাহাঙ্গীরের কাছ থেকে টিকিট পাওয়ার বিষয়টি আমারও শুনেছি। তদন্তে এই বিষয়টিকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। যেখানে খুন এবং টাকা লুটের ঘটনা ঘটেছে তার পাশে একটি কাউন্টারে লকারে প্রায় কোটি টাকার মতো ছিল। এই লকারের তালাও খুব দুর্বল। দুবৃর্ত্তরা সেখানে হাত না দেয়ার পেছনে অন্য কোন কারণ আছে কি না তাও দেখা হচ্ছে।”
এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্তে সিআইডি পুলিশও মাঠে নেমেছে।
হত্যাকাণ্ড তদন্তে কমিটি, মামলা
এদিকে নিহতের পরিবারকে ১ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী। এছাড়া ঘটনা তদন্তে ছয় সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শশী কুমার সিংহকে। অন্যটির প্রধান রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেলাল উদ্দিন।
রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা শরিফুল আলম জানিয়েছেন, দায়িত্বে অবহেলার জন্য রেল পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে চারজন রেল পুলিশের এবং বাকিরা রেল নিরাপত্তা বাহিনীর সদস্য।
তারা হলেন- মো. রিয়াজুল, মো. সোহাগ, হারুনুর রশিদ, মো. সালাউদ্দিন, এএসআই হাবিবুর রহমান, হাবিলদার হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম ও মনির হোসেন।
এছাড়া স্টেশন মাস্টার শওকত হোসেন খান বাদী হয়ে কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা করেছেন।
