রেলকর্মী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
কমলাপুর স্টেশনে রেলকর্মী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে রেলের শ্রমিক-কর্মচারীরা।
শনিবার সকালে চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশও করেছ তারা।
সমাবেশে বক্তব্য রাখেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (সিওপিএস) মো. মিয়া জাহান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সুকুমার ভৌমিক, চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক সামশুল আলম, সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান, স্টেশন মাস্টার মাহাবুবুল আলম ও হেড বুকিং ক্লাক মো. রায়হান।
সমাবেশে বক্তারা জড়িতদের গ্রেপ্তারে বিলম্ব হলে ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন।
এবিষয়ে জানতে চাইলে সিওপিএস মো. মিয়া জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই থেকে আড়াই হাজার টিকেট ক্রেতা স্টেশনে থাকা অবস্থায় কীভাবে এ ঘটনা ঘটল? তা আমাদেরও প্রশ্ন।
তিনি বলেন, “সংগ্রাম পরিষদের নেতারা জানিয়েছেন ঈদকে সামনে রেখে যাত্রীসেবার বিষয়টি বিবেচনায় তারা কঠোর কোনো কর্মসূচি দেবে না।”
সংগ্রাম পরিষদ আহ্বায়ক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা কমলাপুর স্টেশনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা চরম গাফিলতি করেছেন।
তিনি বলেন, “আমরা এঘটনার সঠিক তদন্ত ও দ্রুত জড়িতদের শাস্তির দাবি করছি। এতে গড়িমসি হলে ঈদের পর গাড়ির চাকা বন্ধ হবে। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী-শ্রমিক কারো নিরাপত্তা দিতে না পারলে তাদের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত।”
ঈদ-পূজার ব্যস্ততার মধ্যে দেশে রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু কমলাপুর স্টেশনে শুক্রবার রাতে রেলের চুক্তিভিত্তিক কর্মচারী মো. ইস্রাফিলকে হত্যা করে টিকিট বিক্রির ১৫ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা।
এই ঘটনা তদন্তে ছয় সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শশী কুমার সিংহকে। অন্যটির প্রধান রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেলাল উদ্দিন।
এঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ১০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মো. রিয়াজুল, মো. সোহাগ, হারুনুর রশিদ, মো. সালাউদ্দিন, এএসআই হাবিবুর রহমান, হাবিলদার হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম ও মনির হোসেন।
