মাদারীপুরে বাসচাপায় গৃহবধূর মৃত্যু
মাদারীপুর সদরে বাসচাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হন একই পরিবারের দুজন।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কে লোহারডাঙ্গায় এ দুর্ঘটনায় মৃত সাহেরা বেগমের (৪৫) বাড়ি মাদারীপুরের ডাসার থানার কাজী বাকাই গ্রামে।
আহতরা হলেন সাহেরা বেগমের স্বামী সগর বেপারী (৬০) এবং তাদের চার বছর বয়সী এক নাতনি। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা প্রায় একঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, সাহেরা বেগম একটি ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় মাদারীপুর থেকে ভুরঘাটাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা বাসটিকে আটক করে পুলিশে খবর দেয়।
