২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ রুখে দাড়াও’র সম্মেলন শনিবার

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ ছয়টি দাবিতে শনিবার জাতীয় সম্মেলনের ডাক দিয়েছেন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ নামের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 02:38 AM

Updated : 13 Oct 2022, 02:59 PM

ওই দিন সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কনভেনশন শুরু হবে বলে এক সংবাদ সম্মেলনে জানান সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যতম নেতা, মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, যুদ্ধাপরাধের রায় ঘোষণার পর থেকেই দেশের মানুষ সাম্প্রদায়িক আক্রমণের শিকার হচ্ছেন। ভবিষ্যতে অসাম্প্রদায়িক দেশ গড়ার পক্ষে যারা কাজ করছেন তাদের ওপরেও হামলা হতে পারে।

এ বিষয়ে সবাইকে সচেতন করতে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কনভেনশনের ডাক দেয়া হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ বলেন, জামায়াত-শিবির একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন। শীঘ্রই এদেরকে নিষিদ্ধ করতে হবে।

‘জামায়াতকে নিষিদ্ধ করলে তারা ভিন্ন নামে সংগঠিত হবে’ এ ধরনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নিষিদ্ধ করলে অন্তত ২০৪টি অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে পাওয়া তাদের সাহায্যের পথটি বন্ধ হবে।

সাংবাদিক আবেদ খান বলেন, কনভেনশনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নতুনভাবে অগ্রসর  হওয়ার সুযোগ পাবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের ছয় দফা দাবি তুলে ধরেন ড. সারওয়ার আলী। এগুলো হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করে, আক্রান্তদের পাশে দাঁড়ান, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়া, তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা বন্ধ করা ও নারীর অধিকার সমুন্নত রাখা।

৭ সংগঠনের সংহতি

এদিকে শনিবারের সম্মেলনে ইতোমধ্যেই সাতটি সংগঠন সংহতি জানিয়ে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংগঠনগুলো হলো, সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চ, গণজাগরণ মঞ্চ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সামাজিক প্রতিরোধ কমিটি।