২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ কলেজে সংবর্ধিত স্পিকার

বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে তার দীর্ঘদিনের শিক্ষা ক্ষেত্র হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 01:22 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার কলেজ অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য দিতে গিয়ে নিজের শৈশব কৈশরের স্মৃতিতে ফিরে যান স্পিকার, যেখানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করেছিলেন তিনি।

নিজের বর্তমান অবস্থানে আসার পেছনে প্রথম জীবনের অবদান তুলে ধরে স্পিকার বলেন, “আজ যেখানে আছি সেখান থেকে বুঝতে পারছি জ্ঞান অর্জনের জন্য ওই সময়টা (শিক্ষা) কত গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি কোন সময়টা হারিয়েছি।”

শৈশবের স্মৃতি তুলে ধরে শিরীন বলেন, “আমি এই স্কুলে কেজি ক্লাস থেকে পড়েছি। স্কুলে প্রতিদিন সকালে প্রার্থনা করে জাতীয় পতকার দিকে তাকিয়ে বলতে হতো ‘আমার দেশ এবং এই পতাকার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্থতা প্রকাশ করছি।’

ওই কথাগুলোর অর্থ তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। স্কুলের পর এই কলেজে। শৈশবে শেখা মূল্যবোধ আর নিয়মানুবর্তিতা যে কত মূল্যবান হতে পারে সেটা এখন বুঝছি।”

অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে শিরীন শারমিন চৌধুরীকে প্রতীকী উপহার হিসেবে একটি জামদানি শাড়ি দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও। আরো বক্তব্য রাখেন হলিক্রস কলেজের প্রাক্তন অধ্যক্ষ যোসেফ মেরী, বর্তমান অধ্যক্ষ শিখা গোমেজ, তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এলবার্ট টি রোজারিও হলিক্রস স্কুলের প্রধান শিক্ষক রানী ক্যাথরিন গোমেজ।