‘সুপ্রিম কোর্টে তথ্য কর্মকর্তা না থাকা কেন অবৈধ নয়’
আইনি বাধ্যবাধকতা থাকার পরও সুপ্রিম কোর্টসহ বিচার অঙ্গনের ছয়টি দপ্তরে তথ্য কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ নিয়োগ না দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
ওই ছয় দপ্তর হচ্ছে- সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগরের মুখ্য মহানগর হাকিমের আদালত, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।
তথ্য কর্মকর্তা এবং আপিল কর্মকর্তা নিয়োগে তথ্য কমিশনের সেক্রেটারি, প্রধান তথ্য কর্মকর্তা ব্যর্থতা ‘নিষ্ক্রিয়তা ও অপর্যপ্ত পদক্ষেপ’ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
সরকারি ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে একজন স্থায়ী ও বদলির অযোগ্য তথ্য কর্মকর্তা নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য কমিশনের সেক্রেটারি, প্রধান তথ্য কর্মকর্তা, সংস্থাপন সচিবকে কেন নির্দেশনা দেয়া হবে না, তাও জানতে চেয়েছে হাই কোর্ট।
অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারি, ঢাকার জেলা ও দায়রা জজ, ঢাকা মহানগরের মুখ্য মহানগর হাকিম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সম্পাদক, তথ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তথ্য কমিশনের সেক্রেটারি, প্রধান তথ্য কর্মকর্তা, সংস্থাপন সচিবকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন।
আদালতে আবেদনকারী পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি করেন।
হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচার অঙ্গনের এই সব প্রতিষ্ঠান আইন না মানলে কে মানবে? তারা যাতে আইন মানে এ কারণেই আমি এই রিট দায়ের করেছি। আদালত বিশেষ বার্তা বাহকের মাধ্যমে এই রুলের বিষয়ে জানাতে বলেছে।”
২০০৯ সালে দেশে তথ্য অধিকার আইন কার্যকর হয়। ওই আইনের ১০ ধারা অনুযায়ী আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে সব সরকারি ও বিধিবদ্ধ সংস্থায় তথ্য কর্মকর্তা নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর দুই দফা তথ্য চেয়েও পাননি বলে আবেদনে উল্লেখ করেছেন রিট আবেদনকারী।
