২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে যুবককে হত্যা

রাজধানীর তেজগাঁও পানির পাম্প এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 10:54 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

নিহতের নাম মো. ইসমাইল হোসেন (১৮)। তিনি মিরপুরের উত্তর বিশিলে থাকতেন বলে স্বজনরা জানিয়েছে।

ইসমাইলের বাবা ফজলুল হক বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় তার মোবাইলে একটি ফোন আসে।

অন্য প্রান্ত থেকে এক অপরিচিত এক ব্যক্তি ফজলুল হককে বলেন, “আপনার ছেলে আমার বাসায় চুরি করে ধরা পড়েছে। তেজগাঁও নাখালপাড়ায় আসেন।”

ফোন পেয়ে মিরপুর থেকে নাখালপাড়া পানির পাম্পের কাছে এসে ইসমাইলকে অচেতন আবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার বাবা। সেখানে নিলে চিকিৎসক জানান, ইসমাইল মারা গেছেন।

ফজলুল হক বলেন, মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হয়েছিলেন ইসমাইল, রাতে ফেরেননি।

ইসমাইল হত্যাকাণ্ডের বিষয়টি তেজগাঁও থানায় জানানো হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে হযরত আলী (৬৫) নামে এক বৃদ্ধ তেজগাঁও থানার সমানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, পথচারীরা তাকে রাত ৯টায় দিকে হযরতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হযরতের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তিনি তেজগাঁও থানা স্টাফ কোয়ার্টারে জামাতা পুলিশ পরিদর্শক ফরিদুজ্জামানের বাসায় বেড়াতে এসেছিলেন।