২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রহসনের রায়: চট্টগ্রাম বিএনপি

যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া রায়কে ‘রাজনৈতিক’ ও ‘প্রহসনমূলক’ বলে অভিহিত করেছেন চট্টগ্রাম নগর বিএনপি সাধারণ সম্পাদক শাহদাত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 08:16 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার সকালে নগরীর চকবাজার মোড়ে হরতালের সমর্থনে নগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে শাহদাত হোসেন বলেন, “ট্রাইব্যুনাল রায় ঘোষণার আগেই ওয়েবসাইটে এ রায়ের কপি চলে এসেছে। তাই বোঝা যায়, এ রায় রাজনৈতিক ও প্রহসনমূলক হয়েছে।”

সালাউদ্দিন কাদেরের পক্ষে সাক্ষ্য দিতে বিচারপতি শামিম হাসনাইনকে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

“সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এটা প্রমাণ করতে পেরেছিলেন যে, একাত্তরের ২৯ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিনি দেশের বাইরে ছিলেন। তাই এ সময়ের মধ্যে যে ঘটনা নিয়ে রায় দেয়া হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয়।

রায়ের পর চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে সংবাদ সম্মেলন করে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পক্ষে চট্টগ্রাম জেলায় হরতালের ঘোষণা দেন শাহদাত।

সকালে চকবাজারে সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপি নেতা মোহাম্মদ আলী। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ওমর ফারুক, নগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহেদ, নগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, নগর ছাত্রদলে সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।