বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
বগুড়ার শেরপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
নিহতরা মাছ বোঝাই একটি ট্রাকের চালক, তার সহকারী এবং ওই ট্রাকের দুই আরোহী।
শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টার দিকে শেরপুরের ধুনকুণ্ডি-বামুনিয়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার হালদারপাড়া গ্রামের কেরু হালদারের ছেলে নগর হালদার (৪২), একই জেলার ধামকৈড় গ্রামের আব্দুল মজিদের ছেলে ফরিদুল ইসলাম (৪৫) এবং চান্দাইকোনার সুবল হালদারের ছেলে সুনীল হালদার (৪৪) ও রুবেল (৩৫)।
ওসি আমিনুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ রোড থেকে পাঁচ জন মাছ ব্যবসায়ীকে নিয়ে মাছ বোঝাই একটি ট্রাক শেরপুর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা এসআর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
একই সময় বগুড়াগামী আরেকটি ট্রাক এসে মাছ বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবোঝাই বাসটির সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।
চালক ও তার সহযোগীকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আহত ১৫ জনের মধ্যে ১০ জনই বাসযাত্রী। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা হয়েছে।
