আইন প্রণয়নের কাজ দ্রুত শেষ করার তাগিদ
সরকারের শেষ সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিসভার নির্দশনা অনুযায়ী আইন প্রণয়নের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিপরিসদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
সরকারের অগ্রাধিকার ভিত্তিক সিদ্ধান্ত বাস্তবায়ন দ্রুততার সাথে শেষ করার তাগিদও দেয়া হয়েছে বলে জানান ইশতিয়াক আহমেদ।
ইশতিয়াক আহমেদ বলেন, তিন মাস পরপর মন্ত্রিসভায় সরকারের অগ্রগতি নিয়ে প্রতিবেদন জমা দিতে হয়, সচিবদের দ্রুততার সাথে এ প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়েছে বলেও জানান ইশতিয়াক আহমেদ।
নবম সংসদের ১৯তম অধিবেশন আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। এটি এই সংসদের শেষ অধিবেশন হতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইন এ সংসদেই পাস করতে হবে।
