২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই অপহরকারী আটক, শিশু উদ্ধার

চট্টগ্রামে পৃথক এলাকা থেকে শিশু অপহরকারী দুই যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেড় বছর বয়সী এক শিশুকেও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

ইপিজেড থানার ওসি আবুল মনসুর জানান, শনিবার গভীর রাতে নগরীর ইপিজেড এলাকা এবং সীতাকুণ্ড উপজেলা থেকে ‘শিশু অপহরণকারীদের’ গ্রেপ্তার করা হয়।  

এরা হলেন- মো. মনির (২৩) ও মো. সোহেল (২০)। এদের মধ্যে সীতাকুণ্ড বাস স্টেশন থেকে আটক করা হয় মনিরকে। পরে তার দেয়া তথ্য মতে ইপিজেড এলাকা থেকে আটক হন সোহেল। 

উদ্ধার হওয়া শিশুটির নাম জান্নাতুল ফেরদৌস।

তার বাবার নাম মো. আইয়ুব, তিনি বিদেশে থাকেন। তার স্ত্রী সন্তানদের নিয়ে নগরীর ইপিজেড থানাধীন নারিকেল তলার থাকেন।

ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে নারিকেল তলার বাসা থেকে শিশুটিকে চুরি করে সীতাকুণ্ড বাস স্টেশন এলাকায় নিয়ে আসে মনির।

রাতে জান্নাতুল কান্নাকাটি শুরু করলে এলাকাবাসীদের সন্দেহ হয়। পরে তারা মনিরকে আটক করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে ধরিয়ে দেয়। 

পরে মুনিরের  স্বীকারোক্তি অনুযায়ী রাত ২টার দিকে ইপিজেড থেকে গ্রেপ্তার করা হয় সোহেলকে।  

শিশুটির চাচা জসীম উদ্দিন জানিয়েছেন, দুপুরের পর থেকে জান্নাতুল নিখোঁজ থাকায় বিকেলের দিকে তিনি ইপিজেড থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

অপহরণের ঘটনায় জসীম বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা করেছেন বলেও জানান ওসি মনসুর।