লংমার্চ সমাপনীর সব প্রস্তুতি সম্পন্ন
বাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চের সমাপনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা কমিটি।
শনিবার বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের মংলার দিগরাজ বাসস্ট্যান্ডে লংমার্চের সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
শুক্রবার লংমার্চ খুলনা পৌঁছেছে। শনিবার সকালে চূড়ান্ত গন্তব্য দিগরাজের উদ্দেশে যাত্রা করবে সুন্দরবন রক্ষার এই লংমার্চ।
এদিকে, বাগেরহাট শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিভিন্ন স্লোগান সংবলিত বিলবোর্ড শোভা পাচ্ছে। রাস্তার দেয়ালে লাগানো হয়েছে পোস্টার। বিভিন্ন দেয়ালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে নানা স্লোগান লেখা হয়েছে। সুন্দরবন বিধ্বংসী প্রকল্প থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সচেতন নাগরিকের পক্ষ থেকে।
রামপাল কৃষি জমি রক্ষা কমিটির সভাপতি সুশান্ত দাস বলেন, ২৮ সেপ্টেম্বরের লংমার্চের সমাপনী অনুষ্ঠান সফলভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এই অনুষ্ঠানে জেলার কয়েকহাজার মানুষ যোগ দেবে।
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা সদস্য সচিব ফকরুল হাসান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১০ সাল থেকে সুন্দরবন সংলগ্ন রামপালের সাপমারী-কাটাখালী এলাকায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি।”
সুন্দরবন ও এএলাকার মানুষকে বাঁচাতে ২৮ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। শনিবার সকাল ১১ টায় লংমার্চের বহরটি বাগেরহাট শহরের পুরাতন কোর্ট চত্ত্বরে পৌছাবে। এখান থেকে বিকেলে মংলার দিগরাজ বাসস্ট্যান্ডে লংমার্চের বহরটি পৌছে সমাবেশ করবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশ থেকে কোনো ধরনের উশৃঙ্খল আচরণ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা বলেন, লংমার্চ শুরু থেকে যেহেতু কোথাও বাধা দেয়ার ঘটনা ঘটেনি তাই বাগেরহাটেও তাদের প্রশাসন বাধা দেবে না। প্রকল্প এলাকা যেহেতু রামপালে, সেহেতু তারা যেন রামপালেই তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে।
রামপাল উপজেলার সাপমারি ও কাটাখালী এলাকায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মাত্র সাড়ে নয় কিলোমিটার দূরে বাংলাদেশ সরকার ও ভারত সরকার যৌথভাবে দুটি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই দুটি কেন্দ্রের জন্য এক হাজার ৮৩৪ একর কৃষিজমি অধিগ্রহণ করা হয়।
২০০৯ সালে ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় স্থানীয় মানুষ ও দেশের পরিবেশবাদীরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন।
