রামগতিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ২০
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে জনতা বাজারে এ সংঘর্ষে কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধিও জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ১০টি বসত ঘর ও একটি দোকান ভাংচুর করা হয়।
আহতদের মধ্যে যুবলীগকর্মী মনির হোসেন, আকবার হোসেন ও আলেকজান্ডার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আকতার হোসেন, গ্রামবাসী জুনু বেগম, বকুল আক্তার ও ছকিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
রামগতি থানার ওসি মোকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইদিন আগে ছাত্রলীগকর্মী আবদুর রহিমকে মোবাইল চুরির অভিযোগে স্থানীয় ছাত্রদলকর্মীরা মারধর করে।
এ ঘটনার জের ধরে দুপুরে জনতা বাজারে সাবেক ইউপি সদস্য ইদ্রিস মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল হান্নানের পক্ষের লোবজনের সঙ্গে ইউপি সদস্য সফিক উল্লাহ, যুবলীগ নেতা আকতার হোসেনের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষ চলাকালে পাশের রুহল আমিন কবিরাজ বাড়িতে হামলা চালিয়ে ১০/১২টি ঘর ও জনতাবাজারে একটি দোকান ভাংচুর করা হয়।
কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা ছাত্রদলের কর্মীদের উপর বিনা উস্কানিতে হামলা চালায় বলে দাবি করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন।
তবে রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন জানান, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের কর্মীদের উপর হামলা চালিয়ে ১০/১২ জনকে আহত করেছে।
