ছাত্রের মৃত্যু, সীতাকুণ্ডে অবরোধ-ভাংচুর
দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর জের ধরে সীতাকুণ্ডে সাড়ে তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ রেখে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ ষষ্ঠ সেমিস্টারের ছাত্র নূরন্নবী রুবেল (২২) মঙ্গলবার সকালে ক্যাম্পাসে যাওয়ার সময় বাসচাপায় নিহত হন।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা সকাল পৌনে ১০টার দিকে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর শুরু করে।
পরে স্থানীয় পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে বেলা দেড়টার দিকে আবার যান চলাচল শুরু হয়।
দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়।
নিহত রুবেল সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের শেখের হাট বাজার এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আইয়ূব খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার জন্য সকালে সীতাকুণ্ড সদরের দক্ষিণ বাইপাস এলাকায় যান রুবেল। সকাল সাড়ে ৯টার দিকে স্টার লাইন সার্ভিসের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রুবেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর এলাকাবাসী তাৎক্ষণিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ খবর ক্যাম্পাসে পৌঁছালে মহাসড়কের কুমিরা অংশও সকাল ১০টার দিকে অবরোধ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
এর ফলে দুই দিকে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।
বিক্ষুদ্ধ অবরোধকারীরা সীতাকুণ্ড উপজেলার সিরাজ ভূঁইয়া এলাকায় স্টার লাইনের একটি বাস ও একটি ট্রাকে আগুন দেয়। ভাংচুর করে আরো বেশ কয়েকটি যানবাহন।
এছাড়া সীতাকুণ্ড ইকোপার্ক গেইটের দক্ষিণ পাশে স্টার লাইনের আরেকটি বাস এবং উপজেলা সদরে বিআরটিসি ও স্টার লাইনের দুটি বাস পোড়ানো হয়।
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও এলাকাবাসী সঙ্গে ক্যাম্পাসে আলোচনায় বসেন পুলিশ কর্মকর্তারা।
সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামান জানান, বৈঠকে সীতাকুণ্ড থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত নিজস্ব বাস সার্ভিস চালু করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর দুর্ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
ওই বৈঠকে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী অবরোধ তুলে নেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
এদিকে যানবাহন ভাংচুর এবং জ্বালাও- পোড়াওয়ের প্রতিবাদে বুধবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বাস মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বিআরটিসিতে বাস মালিক ও শ্রমিক নেতাদের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়।
