২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন লংমার্চ শুরু মঙ্গলবার

সুন্দরবন সংলগ্ন রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে বাম দলগুলোর সমর্থনে নাগরিক সংগঠন তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ মঙ্গলবার সকালে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 11:31 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে এই লংমার্চ ২৮ সেপ্টেম্বর বাগেরহাটের রামপালে গিয়ে শেষ হবে বলে কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ জানিয়েছেন।

আগের কয়েকটি লংমার্চের মতো এবারো অধিকাংশ পথ হেঁটেই কর্মসূচি পালন করা হবে বলে তেল-গ্যাস রক্ষা কমিটির নেতারা জানিয়েছেন।

লংমার্চের প্রথম দিন সাভার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে মানিকগঞ্জে যাত্রা বিরতি দেওয়া হবে। দ্বিতীয় দিন ফরিদপুরে, তৃতীয় দিন যশোর, চতুর্থ দিন খুলনায় যাত্রা বিরতির পর পঞ্চম দিন রামপালে গিয়ে তা শেষ হবে।

বাগেরহাটের রামপালে সুন্দরবন থেকে ১৪ কিলোমিটারের মধ্যে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

এই বিদ্যুৎ কেন্দ্রটি হলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে দাবি করে আসছে তেল-গ্যাস রক্ষা কমিটিসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।

আমদানি করা কয়লানির্ভর এ বিদ্যুত কেন্দ্রটি তৈরির করতে গত ২০ এপ্রিল সরকার ভারতের সঙ্গে চুক্তি করে। তেল-গ্যাস রক্ষা কমিটি এ চুক্তিকে ‘অসম’ বলে দাবি করে আসছে।

কমিটির সভাপতি শেখ মুহম্মদ শহীদুল্লাহ বলেন, “বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। তাই যে কোনো মূল্যে রামপালে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ বন্ধ করতে হবে।”

পুরনো খবর:

‘রামপালে বিদ্যুৎ কেন্দ্র নয়’
‘ফুলবাড়ীর সংগ্রাম সফল হবে রামপালেও’
সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন