সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠন।
রোববার দুপুর ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংগঠনের জেলা কমিটির সংগঠক ভবতোষ বিশ্বাস জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব শরীফ তেহরান আলম, রাশিব রহমান, ডাউব্লু খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবনের কোল ঘেঁষে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে তা বনে বিরূপ প্রভাব ফেলবে।
সুন্দরবন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আগামী ২৪-২৮ সেপ্টেম্বর ঢাকা-রামপাল লং মার্চ কর্মসূচি পালন করবে।
এছাড়াও এ প্রকল্পের স্থান পরিবর্তনের জন্য সুলতানা কামালের নেতৃত্বে ‘সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।
এদিকে বিকেলে নারায়ণগঞ্জের মগ্যার্ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ‘রামপাল কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎ প্রকল্প, সুন্দরবনের বিপর্যয় ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সংগঠক বেইলী স্কুলের শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রাজেকুজ্জামান রতন, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মেরী হোসেন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আবু নাঈম খান বিপ্লব, মঞ্চের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক সজল বাড়ৈ ও সরকারি তোলারাম কলেজের গণিত বিভাগের ছাত্রী সুলতানা আক্তার।
