পুলিশের উপর হামলায় ফরিদপুরে ধরপাকড়
ফরিদপুর শহরের ট্রাফিক পুলিশের উপর ছাত্র শিবিরের হামলার ফলশ্রুতিতে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।
সোমবার বিকেলে ছাত্র শিবিরের হামলায় সুশীল কুমার বসু (৪৮) নামে এক ট্রাফিক পুলিশ আহত হন বলে জানায় পুলিশ।
এ ঘটনা পর থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা জামায়াতের সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াবসহ মোট ১২জন নেতাকর্মীকে আটক করেছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক।
ফরিদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকেল সোয়া চারটার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে ট্রাফিক পুলিশ সুশীল দায়িত্ব পালন করছিলেন।
“এ সময় ১৫/১৬ জন শিবিরকর্মী স্লোগান দিয়ে মিছিল বের করেই লাঠি ও হকিস্টিক নিয়ে সুশীলের ওপর চড়াও হয়।
“তারা হকিস্টিক দিয়ে সুশীলের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর সদর সার্কেলের এএসপি মো. কামরুজ্জামান।
হামলাকারীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধে উচ্চ আদালত থেকে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ছিল।
