জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অনুত্তীর্ণদের মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশনের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে যাওয়াসহ কয়েকটি দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও সমাবেশ শেষে উপাচার্যকে একটি স্মারকলিপি দেয়া হয়।
ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, চট্টগ্রাম কলেজ, ঢাকার সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাঙলা কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৩০-৩৫টি কলেজের কয়েকশ’ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন।
দাবি না মানা হলে মঙ্গলবার নতুন আন্দোলনের কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হল সাপ্লিমেন্টারি/মানোন্নয়নে সর্বোচ্চ বি+ গ্রেড নির্ধারণ না করা, চার বছরের কারিকুলাম নির্ধারণ করে যতটুকু পড়ানো হয় তার মধ্য থেকে পরীক্ষা গ্রহণ, নির্দিষ্ট বিষয়ের শিক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা।
ঢাকার মিরপুর সরকারি বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী মো. আবু তালেব বলেন, “আমরা সৃজনশীল ও গ্রেডিং পদ্ধতির প্রথম ব্যাচ। নতুন সিলেবাস ও প্রশ্ন পদ্ধতিতে কলেজগুলোতে পাঠদান প্রস্তুত করা হয়নি। কলেজগুলোতে শিক্ষক ও পাঠদান কক্ষের সঙ্কট, পাঠদানকারী কলেজের শিক্ষক, প্রশ্নকর্তা ও উত্তরপত্র মূল্যায়নে কোনো সমন্বয় নেই।
উত্তরপত্র মূল্যায়নে নির্দিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষক অপ্রতুল এবং হঠাৎ করে সৃজনশীল প্রশ্ন ও পরীক্ষা পদ্ধতির কারণে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
চট্টগ্রাম কলেজের পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আব্দুন নূর সিকদার বলেন, প্রথম বর্ষের মতো দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরুর দুইমাস আগে এবং নির্বাচনী পরীক্ষার পরে নতুন সিলেবাসে পরীক্ষা নেয়া হয়। তৃতীয় বর্ষের ৬ মাস ক্লাস শেষ করার পর দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক মো. হারুন অর রশীদ শিক্ষকদের সামনে এসে তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
