২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা দানুর মৃত্যুতে শেখ হাসিনার শোক

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে দেশবাসী বিশেষত চট্রগাম মহানগরবাসী তাদের অধিকার প্রতিষ্ঠায় একজন অকৃত্রিম সুহৃদকে হারালো। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের একজন নিবেদিতপ্রাণ উৎসর্গকৃত সংগঠককে হারালো।

রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার দানু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি বলেন, “কাজী এনামূল হক দানু ছাত্র জীবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি নেন।

“মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সময় স্বৈরশাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অসাধারণ অবদান রেখেছেন।”

ছাত্রজীবনে রাজনীতিতে যোগ দেয়ার পর পাকিস্তান আমলে স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাত্তোর বাংলাদেশে সব ধরনের রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন ইনামুল হক দানু।

২০০৬ সালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে সাধারণ সম্পাদক মনোনীত হন তিনি।

সোমবার জোহরের নামাজের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেলসংলগ্ন মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হবে।

দানুর বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারে। চট্টগ্রামের চকবাজার এলাকার জয়নগরের স্থায়ী বাসিন্দা দানু মৃত্যুকালে তিন ছেলে রেখে গেছেন।