গাজীপুরে অবরোধ, ভাংচুর
আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে পোশাক শ্রমিকেরা।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং কয়েকটি কারখানায় ঢিল ছোড়ে। পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে বেলা পৌনে ১১টার দিক যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইল মিলের শ্রমিকরা রোববার সকাল ৯টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ করতে করতে পল্লী বিদ্যুত এলাকায় যায় এবং গোমতি টেক্সটাইল, ইকো টেক্সটাইল, অ্যাপেক্সসহ কয়েকটি কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে আন্দোলনে যোগ দিতে বলে। এ সময় কিছু শ্রমিক কারখানাগুলোতে ঢিল ছোড়ে বলেও ওসি ওমর ফারুক জানান।
পরে ওই তিন কারখানার শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেয়। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে চন্দ্রা থেকে পল্লী বিদ্যুৎ এলাকা পর্যন্ত শুরু হয় ধাওয়া- পাল্টা ধাওয়া।
এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান। শ্রমিকরা সরে গেলে বেলা পৌনে ১১ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকায় সমাবেশে যোগ দিতে বাধা পাওয়ার অভিযোগ এনে শনিবারও গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকরা। অসন্তোষের কারণে গাজীপুর বোর্ড বাজারসহ আশপাশের এলাকার অর্ধশতাধিক কারখানায় শনিবার ছুটি ঘোষণা করা হয়।
