২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি পোশাক শ্রমিকদের

ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণের দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 06:13 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

পুরনো খবর:

শ্রমিক অসন্তোষ গাজীপুরে
সমাবেশে যাওয়া নিয়ে কারখানায় ভাংচুর না’গঞ্জে
সমাবেশে যেতে বাধা দেয়ায় কারখানায় ভাংচুর
পোশাক শ্রমিকদের মজুরি ৮ হাজার টাকা করার দাবি

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সমাবেশ থেকে এই দাবি জানানো হয়ে।

নৌমন্ত্রী শ্রমিক নেতা শাজাহান খানের নেতৃত্বে বিকালের এই সমাবেশে যোগ দিতে ছুটি না পাওয়ার অভিযোগ তুলে গাজীপুর ও সাভারের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও ভাংচুর চালায়। 

সাভারে ভবন ধস এবং আশুলিয়ায় অগ্নিকাণ্ডে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুতে বাংলাদেশে পোশাক কারখানার শ্রম পরিবেশ নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের প্রেক্ষাপটে সরকার শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

পোশাক শ্রমিকদের দাবি, বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করতে হবে। তবে এই দাবিতে আপত্তি রয়েছে শিল্প মালিকদের।

সমাবেশে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজহান খান শিল্প মালিকদের উদ্দেশে বলেন, “আগে আমাদের পেটে কিছু দিন, পরে না হয় পিঠে কিল মারবেন।”

সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে তা-ও অনুসরণ করা হয় না বলে অভিযোগ রয়েছে।

সমাবেশের ঘোষণাপত্রে ২০১০ সালের বেতন কাঠামো নির্ধারণে শেখ হাসিনার হস্তক্ষেপের কথা তুলে ধরে এবারো তার তৎপরতা প্রত্যাশা করা হয়। সমাবেশে ঘোষণাপত্র পড়ে শোনান পরিষদের সদস্য সচিব বদরুদ্দোজা নিজাম।

রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসে আগুনের পর বাংলাদেশের তৈরি পোশাক পণ্যকে দেয়া বিশেষ সুবিধা জিএসপি প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। পোশাক শ্রমিকরা জিএসপি সুবিধা পুনর্বহালে সরকারকে জোর তৎপরতা চালানোর আহ্বান জানান।

পোশাক শ্রমিকদের ‘কটূক্তি’ করায় হেফাজতে ইসলামের কার্যক্রম বন্ধের দাবিও জানানো হয় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের এই সমাবেশ থেকে।

সমাবেশে হেফাজতে ইসলামকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়।

শাজাহান খান আগামী নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ভোট দিতে পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি ক্ষমতায় এলে দেশের সব পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে।

শাজাহান খান বলেন, “আমরা আট হাজার ১১৪ টাকা মজুরি দাবি করেছি। মালিকরা বলছে মাত্র ছয়শ টাকা বাড়াবে। আমি বলতে চাই-শ্রমিকরা যদি কাজ না করে তবে আপনাদের কারখানায় মাছিও বসবে না।”

তিনি আরো বলেন, “শ্রমিকদের বাঁচার মতো মজুরি দেন। শ্রমিকরা আপনাদের সন্তানের মতো। ন্যূনতম চাহিদা আপনাদেরকেই পূরণ করতে হবে।”

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রধানমন্ত্রীরে হস্তক্ষেপ চেয়ে নৌ-মন্ত্রী বলেন, “২০১০ সালে আপনার হস্তক্ষেপে শ্রমিকরা তিন হাজার টাকা মজুরি পেয়েছিলো। এবারও আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।মালিকদের কাছ থেকে আমাদের মজুরি আদায় করে দিন।”

তৈরি পোশাক কারখানার মালিকদের উদ্দেশ্যে সড়ক পরিবহন শ্রমিকদের এই নেতা আরো বলেন, “আপনাদেরকে আশ্বস্ত করতে চাই- এই শিল্পের প্রতিবন্ধকতা দূর করতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করবো। শ্রমিকরা কারখানা ভাঙচুর করে না। যারা করে তারা চক্রান্তকারী। মালিকদের তাদের খুঁজে বের করতে হবে।”

ইসলামী ঐক্য জোটের একাংশের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রব্বানী হেফাজতে ইসলামের আমির আহমদ শফির সমালোচনা করে বলেন, “আহমদ শফীর মুখোশ উন্মোচনের সময় এসেছে। তিনি খালেদা জিয়া ও নিজামীর হাতিয়ার হিসেবে কাজ করছেন। মানুষের নজর অন্যদিকে ঘোরানোর জন্যই তার আবির্ভাব।”

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে রব্বানী বলেন, “তিনি সমকামিতা বৈধ করার পক্ষে কথা বলেছেন। এখন শফি কেন তার বিরুদ্ধে কথা বলেন না। জিএসপি বাতিলে খালেদা চিঠি, ড. ইউনূস আর শফির বক্তব্য সব একসূত্রে গাঁথা।”

সবমাবেশ থেকে দফায় দফায় বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি জানানো হয়।

সমাবেশে অভিযোগ করা হয়, ‘ক্ষুদ্রঋণ ব্যবসার প্রবর্তকরা’ ষড়যন্ত্র করে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা বন্ধ করে দিয়েছে।

অন্যদের মধ্যে জাসদ নেত্রী শিরীন আখতার, শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল, নাজমা আক্তার, জে এম কামরুল আনাম, লাভলী ইয়াসমিন, রফিকুল ইসলাম রনি ও তৌহিদুর রহমান তৌহিদ বক্তব্য সমাবেশে রাখেন।