সমাবেশে যাওয়া নিয়ে কারখানায় ভাংচুর না’গঞ্জে
ঢাকায় শ্রমিক সমাবেশে যেতে ছুটি না দেয়ায় নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পলমল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এন কে কে নিটওয়্যার লিমিটেডে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় উত্তেজিত শ্রমিকরা ৪/৫টি যানবাহন এবং একটি ব্যাংকে ভাংচুর চালায়। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে, শেষ পর্যন্ত শ্রমিকরা সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লার কাঠেরপুল এলাকায় এন কে কে নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকার সমাবেশে অংশ নেয়ার জন্য ছুটি চায় কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ ছুটি না দেয়ায় শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর করে।
এ সময় তারা কারখানার ভেতরে দুটি প্রাইভেটকার ও তিনটি কভার্ডভ্যান ভাংচুর করে। এক পর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে গিয়ে সামনের ফতুল্লার পোস্ট অফিস-হাজীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া দিলে শ্রমিকরা ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংক কার্যালয়ের ইট পাটকেল নিক্ষেপ করে কাচ ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশ-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ জানান, কারখানা কর্তৃপক্ষের দক্ষতার অভাবের এ ঘটনা ঘটেছে। শ্রমিকরা সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে কারখানা কর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো কথা বলতে রাজি হয়নি।
