২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশে যেতে বাধা দেয়ায় কারখানায় ভাংচুর

ঢাকায় সমাবেশে যেতে বাধা দেয়ায় সাভারে একটি পোশাক কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা। এ সময় কারখানার তিন কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাজাশন রোডে আজিম গ্রুপের প্রতিষ্ঠান জিকে গামের্ন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত ব্যবস্থাপক (মানবসম্পদ) সুধাংশ চক্রবর্তী, মার্চেন্ডাইজার লিংকন ও জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে ঢাকায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সমাবেশ ডাকা হয়েছে, যাতে উপস্থিত থাকবেন নৌ-পরিবহন মন্ত্রী শ্রমিক নেতা শাজাহান খান।

শ্রমিকদের অভিযোগ, সকাল থেকে তারা সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বের হতে দেয়নি।

বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বেরিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, ১০টি গাড়ি নিয়ে ইতোমধ্যে শ্রমিকরা রওনা করেছে। তবে গাড়ি সঙ্কটের কারণে আরও অনেকেই যেতে পারছে না।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় শ্রমিকদের সমাবেশে যেতে বাধা দেয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ইট-পাটকেল ছুড়ে কারখানার জানালার গ্লাস ভাংচুর করেছে। তারা রাজাশন রোডে বিক্ষোভ মিছিলও করে।

এ ঘটনার পর কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কারখানা কর্তৃপক্ষ এ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, উলাইল এলাকার আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা সমাবেশে যোগ দেয়ার জন্য বিক্ষোভ করলে কিছু শ্রমিককে তারা ছেড়ে দেয়।

এছাড়া সাভারের অধিকাংশ কারখানায় স্বাভাবিক কাজকর্ম চলছে বলে শিল্প পুলিশ জানিয়েছে।