ধর্ষণ মামলায় ভাইয়ের বিচার চাইলেন আ. লীগ নেতা
একটি ধর্ষণ মামলার আসামি ছোট ভাইয়ের বিচার চেয়েছেন ফেনীর দাগনভুঁঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন।
শনিবার বিকালে ফেনীতে স্থানীয় একটি রেস্তোঁরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এ ঘটনায় করা মামলায় মামুনের ছোটভাই সাইফুদ্দিন লিটুসহ চারজন গ্রেপ্তার আছেন।
সংবাদ সম্মেলনে মামুন বলেন, তার ছোট ভাই সাইফুদ্দিন লিটু এক বিধবা নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি। মাদকাসক্ত হওয়ার কারণে ইতিপূর্বে তাকে দুইবার পুলিশে দেয়া হয় এবং পুলিশ কারাগারে পাঠায়।
ধর্ষণের ঘটনায় নিজের ভাই প্রকৃত দোষী হলে তার শাস্তিও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।
তার ভাইকে গ্রেপ্তার তিনি পুলিশকে সহযোগিতা করেন বলেও দাবি করেন।
গত ৯ সেপ্টেম্বর রাতে দাগনভুঁঞা উপজেলার কোরেশমুন্সি বাজারে এক বিধবা ধর্ষণের শিকার হন। এ ধর্ষণের অভিযোগে সাইফুদ্দিন লিটু ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
