২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারে ভারতের পূর্ণ সমর্থন

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রতিবেশি দেশ ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 01:00 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বুধবার বিবিসি বাংলাকে বলেন, “যদিও এটা বাংলাদেশ তথা সে দেশের মানুষের অভ্যন্তরীণ বিষয় এবং তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন – তারপরেও আমরা মনে করি, এখন যাদের বিচার চলছে তারা ১৯৭১-এ যে নৃশংস অপরাধ করেছিলেন – তার বিচার চাওয়ার আকাঙ্ক্ষা বাংলাদেশের থাকবেই।

“ওই অপরাধের বিচার নিশ্চিত করে  তারা যে এর ক্লোজার বা নিষ্পত্তি চাইবেন – সেটা আমরা উপলব্ধি করি।‌”

যুদ্ধাপরাধের বিচার নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এতোদিন আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও মঙ্গলবার যুদ্ধাপরাধে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পরদিন বিচারে সমর্থন জানালো তারা।

একাত্তরে বাংলাদেশের মাটিতে যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল  তার বিচার চাওয়ার অধিকার বাংলাদেশের মানুষের আছে বলে মনে করে ভারত।

এই বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহল থেকে যে সব অভিযোগ  করা হয়েছে সে সব পদ্ধতিগত বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি  ভারত। বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর তাদের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

‌মন্ত্রণালয়ের মুখপাত্র  আকবর উদ্দিন বলেন, “বিচার প্রক্রিয়ার খুঁটিনাটি বা আলাদা করে প্রতিটি মামলার ভিতরে আমরা ঢুকতে চাই না। পাশাপাশি আমরা এটাও বলতে চাই, বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং আমাদের বিশ্বাস, এই বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষ ন্যায়বিচার পাবেন।”

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী বাঙালির পাশে দাঁড়িয়েছিল ভারত। ঘর-বাড়ি ছেড়ে যাওয়া কয়েক লাখ বাঙালিকে আশ্রয় দেয়ার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারত সরকার। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে এসেছিল ভারতীয় সৈন্যরা।

এর আগে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে  শাহবাগে যে আন্দোলন শুরু হয়েছিল, তার প্রতি প্রকাশ্যেই সংহতি জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমন খুরশিদ এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন।