খালেদার নীরবতা গণতন্ত্রের জন্য হুমকি: ইনু
কাদের মোল্লার ফাঁসির রায়ের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নীরবতাকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইনু বলেন, “আপিল বিভাগের রায়ের পর বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নীরবতা রহস্যজনক। এর মধ্য দিয়ে তিনি আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। এ নীরবতা গণতন্ত্রের জন্য দুঃখজনক সংবাদ এবং হুমকিস্বরূপ।”
বাংলাদেশের স্বাথধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দেয়।
পরে আন্দোলনের মুখে সরকার আইন সংশোধন করে উচ্চ আদালতে আপিল করার সুযোগ তৈরি করে। মঙ্গলবার আপিল বিভাগ কাদের মোল্লাকে ফাঁসির রায় দিয়েছে।
রায়ের পর বিএনপি ও এর শরিকরা ছাড়া প্রায় সব দলই সন্তোষ প্রকাশ করেছে। কেউ কেউ দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
সংবিধানের একটি ধারা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায় ‘অধস্তন’ সবাই মানতে বাধ্য।
ইনু বলেন, বিরোধদলীয় নেত্রী এর আগে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। এরপরও ট্রাইব্যুনালের কাজ এগিয়ে চলেছে।
“একাত্তরের জন্য পাকিস্তান যেমন ক্ষমা চাইনি, তেমনি বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে গোঁ ধরে বসে আছেন। উনি গণতন্ত্র, মানবতা ও নারী সমাজের শত্রু তেঁতুল হুজুরকেও আড়াল করার চেষ্টা করছেন।”
বিরোধীদলীয় নেত্রীকে যুদ্ধাপরীদের বিচার সমর্থন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “নীরবতা ভেঙে যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করুন।”
আপিল বিভাগের রায়ের পর রিভিউ করা যাবে কিনা অথবা রায় বাস্তবায়নে কোনো বাধা আছে কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, “রায় কার্যকরে এটা কোনো বাধা নয়। রিভিউয়ের বিষয়ে আদালতই ব্যাখ্যা দেবে।”
