২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সহিংস জামায়াত-শিবির

জামায়াতের দুদিনের হরতালের শুরুতে বুধবার রাজশাহীর কয়েকটি স্থানে সহিংসতা চালিয়েছে পিকেটাররা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 12:57 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ার পর সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে দলটি।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে শিবিরকর্মীরা নগরীর বোয়ালিয়া থানার নওদাপাড়ায় ওয়াসা ভবনের সামনে রাজশাহী-নওগাঁ সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। তখন শিবির কর্মীরা পাল্টা ইট ছুড়লে সংঘর্ষ বেধে যায়।

পরে মহাসড়ক থেকে শিবিরকর্মীদের হটিয়ে দেয়া হয়। এখানে এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

খড়খড়ি মাহেন্দ্রা এলাকায় শিবিরকর্মীরা খড়বাহী একটি ট্রাকে আগুন দেয় এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায়।

গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, সকাল ১০টার দিকে সাহেববাজারের আর টি মার্কেটের সামনে ঝটিকা মিছিল থেকে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।

এছাড়া ডিঙ্গাপোতা এলাকায় রাস্তায় আগুন দিয়ে অবরোধ এবং দুইটি হাতবোমা ফাটিয়েছে শিবিরকর্মীরা।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শহরে বাইপাস সড়কের কয়েকটি স্থানে গাছ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবিরকর্মীরা।