খালেদার সমাবেশের মাঠ শিবিরের দখলে
বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজশাহী বিভাগীয় সমাবেশের মাঠ দখলে নিয়েছে ইসলামী ছাত্র শিবিরে নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে রাজশাহী বিভাগের আট জেলা থেকে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি শিবিরের নেতাকর্মীরাও জড়ো হতে থাকেন।
সরকারি মাদ্রসা মাঠের প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে সংগঠনটির নেতাকর্মীরা দখল করায় তাদের চাপে বিএনপির নেতাকর্মীরা মাঠে প্রবেশ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন প্রকাশ্য কোন মিছিল সমাবেশ করতে না পারলেও খালেদা জিয়ার রাজশাহী সফর উপলক্ষে শনিবার থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নগরীতে শোডাউন শুরু করে।
দুপুর ১টার দিকে যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের দাবিতে তারা রাজশাহী মহানগরীতে মিছিল করেন। সাহেববাজার, জিরোপয়েন্ট, মনিচত্বর, কাদিরগঞ্জ, লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিস মোড় প্রদক্ষিণ করে তারা মাদ্রাসা মাঠে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের নেতৃত্বে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নেতারা। এছাড়া নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনার নেতাদেরও মিছিলে দেখা গেছে।
মিছিলে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বাতিল ও যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।
সমাবেশ মাঠে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবিই ছিল মুখ্য। ব্যানারে শোভা পায় জামায়াত শিবিরের কেন্দ্রীয় নেতাদের ছবি।
রাজশাহীর তিন প্রবেশ দ্বারে শিবির নেতাকর্মীরা অবস্থান নেন। কাজলা, কাশিয়াডাঙ্গা ও নওদাপাড়া বাসস্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেয়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন সংগঠনটির স্থানীয় নেতারা।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে জায়গা দখলের প্রতিযোগিতা চলে। এক্ষেত্রে আমাদের ছেলেরা একটু পিছিয়ে ছিল।”
শিবিরের উপস্থিতি তাদের চেয়েও বেশি হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বিএনপি নেতাকর্মীরা মঞ্চের সামনে অবস্থান নিয়েছে, আর শিবির নেতাকর্মীরা পিছনে ও মঞ্চের আশপাশে ঘোরাঘুরি করছে।
আধিপত্য বিস্তারের কোনো প্রতিযোগিতা চলছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “তা তো একটু হবেই। যেহেতু সমাবেশে আমাদের নেতৃত্বই প্রধান, সেহেতু আমাদের আধিপত্য পুরো মাঠেই দেখতে চাই।”
শিবিরের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
মহানগর পুলিশের উপ-কমিশনার শাহ গোলাম মাহমুদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ যাতে হট্টগোল সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে পুলিশের সাদা পোশাকে বেশ কয়েকটি টিম মাঠে নেমেছে।
শিবিরের চিহ্নিত কোনো আসামি সমাবেশে নেই দাবি করে তিনি বলেন, যদি থাকে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
