ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ৪
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।
নিহতরা হলেন- সদর উপজেলার হাজীপাড়ার সাইফুল ইসলাম (৩৫), মাদারগঞ্জের মৃত চুনিলালের ছেলে শ্রী ফলেনদার (৭০), বরুণাগাঁওয়ের আ. রহমান (৩৫) এবং অটোচালক মজিবর রহমান (৪০)। মজিবর খোচাবাড়ির বাসিন্দা।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠাকুরগাঁও সদর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি খোচাবাড়ি হাটে যাচ্ছিল। হাটের কাছাকাছি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিক্সা চালকসহ চার আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অটোরিক্সার আরো আট যাত্রী আহত হন। অন্যদিকে ট্রাকের ওপরে থাকা চার ব্যক্তি আহত হন।
আহতদের ছয় জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আ. জব্বার জানান, আহতদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার ওসি জানান, ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।
নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
