২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের ৫ বছর পরে ফিরল কিশোরী আফরোজা

পাচারের পাঁচ বছর পর দেশে ফিরেছে কিশোরী আফরোজা বেগম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 07:19 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে আফরোজাকে (১২) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের হাতে তুলে দেন বিএসএফের স্পেশাল ডিজি বি ডি শর্মা।

আফরোজার বাবার নাম আকরাম হোসেন। পাবনা সদর উপজেলার জহিরপুরের এই বাসিন্দা পেশায় ভ্যানচালক।

বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর বিজিবি রাজশাহী সেক্টরে একটি অনুষ্ঠানের মাধ্যমে আফরোজার বাবা, নানী, আত্মীয় স্বজন, আফরোজার দায়িত্ব গ্রহণকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

২০০৯ সালের জানুয়ারি মাসে আফরোজা ও তার বড় ভাই মুন্না পারভেজকে নিয়ে তাদের মা মনোয়ারা বেগম কাজের সন্ধানে দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে যান।

ওই মাসেই বালুরঘাট সীমান্তে ভারতের পুলিশের হাতে ধরা পড়েন তিনজন। অনুপ্রবেশের অভিযোগে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার রুপি জরিমানা হয় মনোয়ারার। কারাগারে থাকা অবস্থায় ওই বছরের ১৩ অক্টোবর মনোয়ারা মারা যান। 

ঘটনা জানার পর থেকেই মাতৃহারা শিশু আফরোজা ও মুন্নাকে দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

পশ্চিমবঙ্গ কারা অধিদপ্তরের তৎকালীন অতিরিক্তি মহাপরিচালক বংশী ধর শর্মা ভারত সরকারের অনুমতি নিয়ে আফরোজাকে পুনর্বাসনের জন্য নদীয়া জেলার রানাঘাট হলি চাইল্ড হোমে পাঠান। সেখানে থাকা অবস্থায় বাংলাদেশি এই ভাই-বোনকে রাজ্য মানবাধিকার কমিশন ক্ষতিপূরণ বাবদ দেড় লাখ রুপি করে সহায়তা দেয়।

২০১১ সালে ২৪ অগাস্ট মুন্নাকে বাংলাদেশে ফেরত আনা হয়।  এবার আনা হল আফরোজাকে।

বিজিবির খরচে আফরোজাকে শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, বিজিবি, রাজশাহীতে পড়ালেখার সুযোগ করে দেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আফরোজার বাসস্থানসহ অন্যান্য ব্যয়ভার বহনের দায়িত্ব গ্রহণ করেছে রাজশাহী সাগরপাড়ার বেসরকারী সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট(এসিডি)।

ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া অর্থ আফরোজার নামেই একটি ব্যাংকে রাখা হবে বলেও জানিয়েছে বিজিবি।