সাত প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ৫
চুরি যাওয়া সাতটি প্রাইভেটকারসহ গাড়ি ‘ছিনতাইয়ের’ সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো. আব্দুল খালেক (৩৩), রনি (৩১), রাজিব (২৯), আলী আহ্ম্মদ (৪৭) ও মো. আজিম (৩৮)।
শুক্রবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে উপ-কমিশনার মো. মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ঢাকার রামপুরা এলাকা থেকে তিন জন এবং সিলেট থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
চুরি যাওয়া প্রাইভেটকারগুলোর পাঁচটি সিলেট এবং বাকি দুটি ঢাকার শেরেবাংলা নগর ও কাকরাইল এলাকা থেকে উদ্ধার করা হয়।
মাসুদুর রহমান বলেন, “গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে ঢাকা থেকে বিভিন্ন গাড়ি চুরি করে সিলেট মহানগর এলাকায় নিয়ে যেতেন তারা। সেখানে গাড়িগুলো বিভিন্ন ব্যক্তিকে ভাড়া দেয়া হতো।”
এই প্রাইভেটকারগুলো চুরি যাওয়ার পর রামপুরা, কেরানীগঞ্জ ও বনানী থানায় মামলা হয়েছিল।
