২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা হওয়ায় আদিলকে জিডি থেকে অব্যাহতি

মতিঝিলে হেফাজতবিরোধী অভিযান নিয়ে তথ্যবিকৃতির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে মামলা হওয়ায় একই অভিযোগের সাধারণ ডায়েরি থেকে মানবাধিকার সংস্থা অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে অব্যাহতি দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 01:34 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

গত ১০ অগাস্ট আদিলকে আটকের পর তাকে ৫৪ ধারায় ওই সাধারণ ডায়েরির আওতায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর গত ৪ সেপ্টেম্বর  আদিল ও অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে আদালতে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করে গোয়েন্দা পুলিশ।

এরপর ওই জিডির আর কোনো কার্যকারিতা না থাকায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশরাফুল আলম গত ৮ সেপ্টেম্বর আদিলকে ওই জিডি থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেন।

বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে মহানগর হাকিম মো. নুরু মিয়া অব্যাহতির আবেদন মঞ্জুর করেন। আদিলের পক্ষে আদালতে শুনানি করেন মো. আসাদুজ্জামান।

আদিল ও এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মামলাটি চলছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে। এ ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল আলম বুধবার অধিকারের দুই কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ আমলে নেন।

দুই আসামির মধ্যে আদিল কারাগারে রয়েছেন। আর এলান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

পুরনো খবর:

আদিল-এলানের বিরুদ্ধে অভিযোগ দাখিল
আদিল-এলানের বিচার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে
হেফাজতকাণ্ডের ইন্ধনে ৭ সংগঠন