২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতকাণ্ডের ইন্ধনে ৭ সংগঠন

মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক সাতটি সংগঠনকে চিহ্নিত করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 02:30 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহীদুল হক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই দলগুলো একটি গোষ্ঠির সঙ্গে জড়িত।

জামায়াত ছাড়া বাকি দলগুলো হলো- নেজামে ইসলাম,  খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট। আদর্শগত মিল না থাকলেও মুসলিম লীগও তাদের সমর্থন দিয়েছে।

গত ৫ মে মতিঝিল পুলিশের অভিযান এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদন নিয়ে পুলিশ সদরদপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শহীদুল হক বলেন, “আমি রাজনীতি করি না। প্রজাতন্ত্রের চাকরি করি। যা বলবো একটি কথাও মিথ্যা বলব না। আজ যে বিষয় নিয়ে কথা বলব তা পুরনো। এটি নিয়ে আপনারা (সাংবাদিক) অনেক লেখালেখি করেছেন। কিন্তু বিষয়টি নিয়ে যেহেতু জনগণের মনে বিভ্রান্তি রয়েছে, তাই বিষয়টি স্পষ্ট করতে এ সংবাদ সম্মেলন।”

‘বিশেষ মহলের স্বার্থ রক্ষার জন্য’ মতিঝিলের সেই অভিযান নিহতের ঘটনা নিয়ে ‘বিভ্রান্তি’ ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

১৩ দফা দাবিতে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির পর মতিঝিলে অবস্থান নিয়ে আশেপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। পরে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী স্বল্প সময়ের অভিযানে শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরিয়ে দেয়। 

ওই রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয় বলে ডানপন্থীদের সমর্থনপুষ্ট অধিকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অধিকারের কাছে ‘নিহত’ ৬১ জনের নাম পরিচয় চেয়ে সরকারের পক্ষ থেকে চিঠি দেয়া হলেও তারা  তথ্য দিতে অস্বীকার করে। এরপর গত ১০ অগাস্ট অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তার করা হয়, যিনি বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন।

ওই অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে আদিল ও অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে আদালতে অভিযোগও দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

শহীদুল হক বলেন, “যারা নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ঔই রাতে শাপলা চত্বরে যাননি। ঘরে বসে থেকে এবং ঘুমিয়ে থেকে অশুভ উদ্দেশ্য নিয়ে এ ধরনির বিভ্রান্তি ছড়াচ্ছেন।”

তার দাবি, ওই রাতের অভিযানে কেউ মারা যাননি। পুলিশ অভিযান শেষে মঞ্চের নিচে চারটি মৃতদেহ পায়, যারা মৃত্যু হয়েছিল অনেক আগে।

অধিকাররের তথ্য ‘উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে এই পুলিশ কমকর্তা বলেন, “ওই ৬১ জনের তালিকায় পাঁচ জনের নাম দুই বার লেখা হয়েছে। আঠারো জনের ঠিকানায় কারো অস্তিত্ব পাওয়া যায়নি। তালিকায় চারজনেকে মৃত বলা হলেও তারা জীবিত রয়েছে।”

আর অধিকারের তালিকায় নিহত ২৬ জনের যে তথ্য রয়েছে তারা কেউ ওই রাতে মারা যাননি বলে শহীদুল হক জানান।

তিনি বলেন, ওইদিন অভিযানের আগেই ঢাকায় মোট ১৩ জন নিহত হন, যাদের মধ্যে ছয় জনের মৃত্যু হয় হেফাজতকর্মীদের হামলায়।

সেই সময়ের সহিংসতার ঘটনায় সারা দেশে মোট ৮৩টি মামলা হয়েছে জানিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, “হেফাজতের নেতৃত্ব হেফাজতের হাতে নেই। হেফাজতের নেতৃত্বে সাতটি দল রয়েছে, যারা একটি গোষ্ঠীর সঙ্গে জড়িত।”

মতিঝিলে অভিযান নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন শহীদুল হক।

অন্যদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ) আমির উদ্দিন, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

আদিল-এলানের বিরুদ্ধে অভিযোগ দাখিল