চিঠি ইস্যুতেই ৩ মাস!
একটি দিবস পালনের নির্দেশনা দিয়ে চিঠি ইস্যুতেই তিন মাস লাগিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
৮৫ দিন ফাইল ‘চালাচালির’ পরে ওই চিঠিটি ইস্যু করা হলেও তার ৬৭ দিন আগেই চলে যায় দিবসটি।
এনিয়ে মাউশির কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়ী করেছেন। আর ‘এমন হওয়ার কথা ছিল না’ বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করলেও বক্তব্যের পক্ষে কোনো যুক্তি দেখাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা চিঠিগুলোতে দেখা যায়, ২৬ জুনকে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ হিসাবে পালনে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনার অনুরোধ জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচলক মোহাম্মদ ইকবাল ১১ জুন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে চিঠি দেন।
১৩ জুন শিক্ষা সচিবের দপ্তর ওই চিঠিটি গ্রহণ করে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এস এম গোলাম ফারুকের কাছে পাঠায়। গোলাম ফারুক আবার ওই চিঠিটি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদের কাছে পাঠান।
এরপর গত ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাউসার নাসরীন দিবসটি উদযাপনের লক্ষ্যে শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয়তা দিকনির্দেশনা দিতে চিঠি পাঠন মাউশি মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের কাছে।
যদিও ২৬ জুন ‘নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’ গান নিয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ বিশ্বে পালিত হয়।
৩০ জুন মাউশি মহাপরিচালক শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠিটি গ্রহণ করে তা মাউশি পরিচালকের (কলেজ ও প্রশাসন) কাছে পাঠায়।
এরপর মাউশির এই পরিচালক গত ১ জুলাই ওই চিঠিটি পাঠান অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকির কাছে।
পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর শফিকুল ইসলাম দিবসটি পালনে শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করেন; যদিও তার ৬৭ দিন আগে চলে যায় ওই দিবস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছিল, মাদকদ্রব্য চোরাচালনা এবং মাদকদ্রব্যের অপব্যবহার আমাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। মাদক সম্পদের একটি বড় অংশ আমাদের তরুণ ও যুব সমাজ।
“মাদকের করাল গ্রাস থেকে তাদের বাঁচাতে মাদকমুক্ত অনুকূল পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। অবৈধ মাদক চোরাচালন বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি মাদকের চাহিদা হ্রাস তথা মাদকসেবন নিরুৎসাহিত করা একান্ত আবশ্যক।”
দিসবটি পালনের গুরুত্ব তুলে ধরে ওই চিঠিতে শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে বুধবার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কত চিঠিই তো ইস্যু করি। কোন চিঠির কথা বলছেন ঠিক মনে পড়ছে না।”
পরে ওই চিঠির বিষয়বস্ত তাকে বিস্তারিতভাবে জানালে শিক্ষা মন্ত্রণালয়ের ‘আলসেমির’ কারণে এমন হয়েছে বলে দাবি করেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন তো হওয়ার কথা ছিল না।”
এ বিষয়ে এ এস মাহমুদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
তবে কয়েক দফা চেষ্টা করেও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
