‘সিনেমা প্যালেস নিয়ে ষড়যন্ত্র’
বন্দর নগরীর ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ সিনেমা প্যালেস নিয়ে ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছে এর মালিক পক্ষ।
বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বাংলা চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিদ্বেষী স্বার্থান্বেষী মহল এ শিল্পকে ধ্বংসের পাঁয়তারায় লিপ্ত। তারা যে কোনো মূল্যে সিনেমা প্যালেস ধ্বংস করতে চায়।
ঝুঁকিপূর্ণ বলে মঙ্গলবার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ সিনেমা প্যালেস ভেঙে ফেলার নির্দেশ দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।
সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানে এক সপ্তাহের মধ্যে সিনেমা প্যালেস বন্ধের নির্দেশ দেয়া হয়। খালি করার পর ভবনটি ভেঙে ফেলারও নির্দেশ দেয় সিসিসি।
এর প্রতিক্রিয়ায় বিবৃতিতে প্রেক্ষাগৃহ মালিক ও চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শন সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে সিনেমা প্যালেস ভবন ঝুঁকিপূর্ণ নয়।
তিনি বলেন, সরকারি প্রকৌশলী দিয়ে পরীক্ষা করে যদি ঝুঁকিপূর্ণ বলে মত পাওয়া যায়, তবে নিজ উদ্যোগেই প্রেক্ষাগৃহ ভবনটি ভেঙে ফেলবেন তারা।
বিবৃতিতে বলা হয়, ১৯৮১ সালে পুরনো ভবন ভেঙে সিনেমা প্যালেসের নতুন ভবন তৈরি করা হয়।
১৯২৮ সালে ‘দি চিটাগাং আর্ট সেন্টার’ নামে থিয়েটার হলের যাত্রা শুরু হয়। পরে নাম পরিবর্তন করে এটি সিনেমা প্যালেসে পরিণত হয়।
নগরীর লালদীঘির পশ্চিম পাড়, শহীদ মিনারের পূর্ব অংশ, কে সি দে রোড ও রয়েল রোডের মিলন স্থান দীর্ঘদিন ধরে সিনেমা প্যালেস মোড় নামে পরিচিত।
