২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্তৃপক্ষের মদদে পুলিশি নির্যাতন, দাবি চবি ছাত্রজোটের

এক সহকারী প্রক্টরের মদদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ধর্মঘটী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 10:00 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার চাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশিদুল সামির বলেন, “ভর্তি ফরমের দাম কমানোর দাবিতে ছাত্রদের যৌক্তিক ধর্মঘটে সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের মদদে পুলিশ মঙ্গলবার সকালে বটতলী স্টেশনে লাঠিচার্জ করে।”

ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ধর্মঘটিরা নগরীর বটতলী রেল স্টেশনে  শাটল ট্রেন চলাচলে বাধা দেয়। এসময় পুলিশ সাত আন্দোলনকারীকে আটক করে।

পরে রাতে তারা মুচলেকা দিয়ে ছাড়া পায় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানায়।

মুচলেকা দেয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে সামির বলেন, “জোটের নেতৃবৃন্দ আন্দোলন না করার যে মুচলেকা দেয়ার কথা প্রচার হয়েছে, তা সত্য নয়।”

“মুচলেকা দিয়ে আন্দোলন স্থগিত রাখার প্রচারটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং ছাত্র আন্দোলনকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা।”

ভর্তি ফমের বর্ধিত মূল্য প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন তিনি।