আটকে পড়া ফেরি উদ্ধার, মাওয়া ঘাটে দীর্ঘ লাইন
মাওয়ায় তীব্র স্রোতে ২৬ যানসহ খালে আটকা পড়া ফেরি টাপলু সাড়ে ১৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
বুধবার দুপুর দেড়টায়র দিকে মাওয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে লৌহজং খাল থেকে ফেরিটি উদ্ধার করে আইটি ৯৫ ও ৯৬ নামে দুই উদ্ধারকারী টাগবোট।
দুপুর থেকে ১৪টি ফেরির মধ্যে তিনটি ফেরি চলছে। বাকি ১১টি ফেরি বন্ধ রাখা হয়।
এর আগে বুধবার সকাল থেকে প্রচণ্ড স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে শুধু একটি রো রো ফেরির সার্ভিস সচল ছিল।
এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে হাজারেও বেশি যান। লঞ্চও চলছে সীমিত আকারে।
মাওয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, কাওড়াকান্দি থেকে মাওয়ায় আসার পথে ফেরি টাপলু তীব্র স্রোতের তোরে লৌহজং খালে আটকা পড়ে। দুপুর দেড়টায় সেটি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, সকালে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দিয়ে সার্ভিস চালু রাখা হলেও এখন আরো দুইটি মিডিয়াম ফেরি চলছে। বন্ধ রয়েছে ১১টি।
এতে উভয় পাড়ে শতশত গাড়ি পারাপারের জন্য দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছে।
এদিকে মঙ্গলবার রাতে পদ্মার আকস্মিক ভাঙ্গনে মাওয়ায় লঞ্চঘাট এলাকয় প্রায় ৪০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে বিকল্প একটি সিঁড়ি দিয়ে ঝুঁকি নিয়ে লঞ্চ সার্ভিস এখনও সচল রয়েছে।
